শেয়ারবাজারে গেলেই লাভ...
ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের কোনো প্রণোদনা নেই। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য আড়াই শতাংশ কর ছাড়ের ব্যবস্থা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন করে কোনো কোম্পানি যদি শেয়ারবাজারে আসতে চায়, তার জন্য ১০ শতাংশ হারে কর রেয়াতের ঘোষণা দেওয়া হয়েছে।
শেয়ারবাজার বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে অর্থমন্ত্রীর যেটুকু ঘোষণা তাতে বিনিয়োগকারীরা নতুন করে বাজারের প্রতি আকৃষ্ট হতেই পারেন। শেয়ারবাজারে যেসব সুবিধা বিদ্যমান রয়েছে সেগুলো থাকছেই। নতুন করে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ কোনো একজন বিনিয়োগকারী তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে বছরে ২৫ হাজার টাকা লভ্যাংশ বা ডিভিডেন্ড বাবদ আয় করলে কোনো কর দিতে হবে না।
এ ছাড়া বাজেটে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য কর ছাড়েরও ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে করের আওতায় আনা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়কে। প্রথম বছর বিএসইসির আয়কে শতভাগ করমুক্ত রাখা হলেও পরবর্তী চার বছরে তা করমুক্ত সীমা ২০ শতাংশ করে কমানো হয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক করহার বা করপোরেট ট্যাক্স সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার আড়াই শতাংশ কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তবে তালিকাভুক্ত সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বেলায় তা ৫ শতাংশ বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। বর্তমানে তালিকাভুক্ত বৃহৎ সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা বিএটিবি। এ ছাড়া কোম্পানি বা অংশীদারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে বিনিয়োগ করে মুনাফা করলে ওই মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধানটি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বলেন, গত চার বছরের কার্যক্রমের ফলে পুঁজিবাজার এখন একটি ভালো অবস্থানে পৌঁছেছে। পুঁজিবাজারের সম্প্রসারণের লক্ষ্যে আরও কোম্পানিকে আকৃষ্ট করতে চাই।
এ জন্য নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে বিশেষ কর প্রণোদনারও ঘোষণা রয়েছে বাজেটে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বলেছে, কোনো কোম্পানি নতুন করে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পরিশোধিত মূলধনের ২০ শতাংশ শেয়ার ছাড়লে সংশ্লিষ্ট কর বছরে ওই কোম্পানি ১০ শতাংশ হারে কর রেয়াত সুবিধা পাবে।