শেয়ারবাজারে দরপতন, আরও ১টি প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত
ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) গতকাল মঙ্গলবার সাধারণ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও আজ বুধবার দরপতন হয়েছে। একই সঙ্গে লেনদেনও কমেছে। আজ সাধারণ মূল্যসূচক ১২৮.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৬৪৯.৬০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৯১.৭৭ পয়েন্ট কম। এ ছাড়া আজ গতকালকের চেয়ে ২৬১ কোটি টাকা কম লেনদেন হয়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৬৮৫ কোটি টাকার। এদিকে, শেয়ারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার জের ধরে আজ সকাল ১০টা ৩২ মিনিটে বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে ডিএসই। এনিয়ে গত দুই দিনে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন স্থগিত করা হলো।আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টি প্রতিষ্ঠানের, কমেছে ১৮৪টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর কমিশনে নিবন্ধন করা বিভিন্ন ক্যাটাগরির প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংকের ক্ষেত্রে ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বেড়েছে মাত্র নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সবচেয়ে বেশি কমেছে ইনস্যুরেন্সের শেয়ারের দাম। ইনস্যুরেন্স ক্যাটাগরির ৪৪টি নিবন্ধন করা প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ৪৩টি প্রতিষ্ঠানের এবং বেড়েছে মাত্র একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগেরই শেয়ারের দাম কমেছে।এদিকে বাজার-বিশ্লেষকেরা শেয়ারবাজারের দরপতনের কারণ হিসেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তকে দায়ী করেছেন। এসইসি সম্প্রতি জানায়, মার্চেন্ট ও ব্রোকারেজ হাউসগুলো গ্রাহকদের ঋণসুবিধা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সূত্রকে অনুসরণ করার নির্দেশ দিয়েছে।বিশ্লেষকেরা জানিয়েছেন, এসইসি এই ঘোষণার মাধ্যমে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা এক ধরনের দোটানায় পড়ে গেছেন। ওই নিয়ম অনুযায়ী গ্রাহকদের শেয়ারের বাজারমূল্যের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত সম্পদমূল্য (এনএভি) যোগ করে দুই দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যাবে, সেই অনুপাতে ঋণ দিতে হবে।এদিকে, আজ লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, বেক্সিমকো টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিএসআরএম স্টিল ও আফতাব অটোমোবাইলস।দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার, আলফা টোবাকো, ঢাকা ফিসারিজ ও প্রাইম টেক্সটাইল।দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, গ্লোবাল ইনস্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স ও মেট্রো স্পিনিং।