শেয়ারবাজারে দরপতন চলছেই
দরপতন চলছেই দেশের শেয়ারবাজারে। গতকালের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবারও দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। এ নিয়ে টানা পাঁচ দিন দরপতনের ঘটনা ঘটল। আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের পতন হয়েছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৩৭৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সূচক গতকালের চেয়ে ৭৩ পয়েন্ট কমে যায়। এরপর সূচক কমার হার কিছুটা কমলে দিন শেষে নিম্নমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম কমেছে, বেড়েছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯২ কোটি টাকা, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গ্লোবাল হেভি কেমিক্যাল, প্রিমিয়ার সিমেন্ট, গোল্ডেন হারভেস্ট, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, আরগন ডেনিমস, বেক্সিমকো, আরএন স্পিনিং ও সানলাইফ ইনস্যুরেন্স।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৭৩৫ পয়েন্টে।সিএসইতে আজ মোট ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টির দাম কমেছে, বেড়েছে ৪১টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা বেশি।