শেয়ারবাজারে বড় দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও বড় দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের বড় পতন হয়েছে। ডিএসইতে গতকালের চেয়ে লেনদেন সামান্য বাড়লেও সিএসইতে সামান্য কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯২৯ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামা করে দুপুর ১২টার দিকে নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪১টির দাম কমেছে; বেড়েছে মাত্র ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল জ্বালানি ও বিদ্যুত্ খাতের সরকারি কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম। আজ প্রতিষ্ঠানটির ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া বিএসসিসিএল, পদ্মা অয়েল, যমুনা অয়েল, গ্রামীণফোন, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন, ইউনাইটেড এয়ার প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৩১ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৭টির দাম কমেছে; বেড়েছে মাত্র ১৮টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম। গতকাল সিএসইতে  ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।