শেয়ারবাজারে ব্যর্থতার দায়ভার নিলেন রকিবুর
গত এক বছর তিন মাস দায়িত্ব পালনকালে শেয়ারবাজারে ব্যর্থতার দায়ভার নিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি মো. রকিবুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে ডিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তবে বাজারে স্থিতিশীলতা আনতে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে তিনি মনে করেন।
গত বছরের ১৫ মার্চ ডিএসইর সভাপতি নির্বাচিত হন রকিবুর রহমান। এর তিন দিন পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, তাঁকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তিনি ওই প্রত্যাশা পূরণের আশাবাদ ব্যক্ত করেছিলেন। এ ব্যাপারে আজ এক প্রশ্নের উত্তরে রকিবুর রহমান বলেন, ‘গত এক বছরের বেশি সময় দায়িত্ব পালন করা অবস্থায় বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজার একাধিকবার স্থিতিশীলতার দিকে গেলেও সরকারের উচ্চপর্যায় থেকে বিভিন্ন কথাবার্তায় আবার তা ব্যর্থ হয়েছে। তবে এ সময়ে যে সাফল্য এসেছে, তার কৃতিত্ব বিনিয়োগকারীদের। আর ব্যর্থতার দায়ভার আমার।’
রকিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অথবা আমরা শত চেষ্টা করেও বাজারে স্থিতিশীলতা আনতে পারব না। তবে সরকার, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বাজারবান্ধব নীতি গ্রহণ করলে তা বাজারের স্থিতিশীলতায় কাজ করবে।’ এই সময়ে বাজারে স্থিতিশীলতা আনতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, এফবিসিসিআই, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে। নিয়মনীতি বজায় রেখে কীভাবে বাজার ঠিক করা যায়, সে লক্ষ্যে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহলে। সরকারকেই এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ডিএসইর সভাপতি আরও বলেন, ‘দেশের শক্তিশালী অর্থনীতির জন্য শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন। পুঁজিবাজার ভালো থাকলে বিনিয়োগকারীরা ভালো থাকেন, আমরা ভালো থাকি, সরকারের রাজস্ব বাড়ে।’
নতুন কোম্পানি বাজারে আসতে চাইলে তাদের প্রাতিষ্ঠানিক সুশাসন আছে কি না, নিবন্ধনকৃত নিরীক্ষক আছে কি না, সেটা পারিবারিক কোম্পানি কি না—এসব বিষয়ে বিএসইসিকে নিশ্চিত করতে হবে বলে জানান রকিবুর রহমান। তিনি বলেন, বাজারে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে বিএসইসির কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে। এ ছাড়া, কেবল ঋণ পরিশোধের জন্য কোনো কোম্পানিকে বাজার থেকে টাকা তুলতে দেওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী বলেন, ডিমিউচুয়ালাইজেশন আইন পাসের পর তা ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে স্কিম, বিজনেস প্ল্যান, ভেলুয়েশন, রিভেলুয়েশনের কাজ এগিয়ে চলছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে এ-সংক্রান্ত কাজ সম্পন্ন করে ৩০ জুলাইয়ের মধ্যে বিএসইসিকে দেওয়া হবে। বিএসইসি সময়মতো কাজ করতে পারলে নভেম্বরের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন হয়ে যাবে বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএসইর সহসভাপতি মো. শাহাজাহান, পরিচালক শরীফ আতাউর রহমান, মিজানুর রহমান খান, হানিফ ভূঁইয়া।