শেয়ারবাজারে লেনদেনে খরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে লেনদেন কমছেই। সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছয় মাস আগের অবস্থায় নেমে এসেছে। একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই আজ সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর না হওয়ার কারণে নিম্নমুখী এই প্রবণতা অব্যাহত রয়েছে। অব্যাহত দরপতনের কারণে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার লেনদেনে খুব বেশি অংশ নিতে পারছেন না। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজার থেকে দূরে রয়েছে। এর ফলে বাজারে লেনদেনে গতিও কমে যাচ্ছে। তবে বর্তমান অবস্থায় বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বেশ আকর্ষণীয় পর্যায়ে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১.৩৯ পয়েন্ট কমে ৪১১১.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে এক পয়েন্ট সূচক বাড়লেও এরপর থেকে কমতে শুরু করে। সূচক কমার প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টিরই দাম কমেছে। বেড়েছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। একই সঙ্গে আজকের লেনদেন গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের আট জুলাই ডিএসইতে ১১৫ কোটি টাকার লেনদেন হয়।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনবিএল, সামিট পাওয়ার, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা ও সায়হাম কটন।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৪৯.৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৭৭.৩৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১০৮টিরই দাম কমেছে। বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ১৪ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম।