শেয়ারবাজারে সূচক ও লেনদেন নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবারের ধারাবাহিকতায় আজ বুধবারও সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। একই সঙ্গে সূচকও কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৫৬৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৭০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৪১ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।

শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলে দিন শেষে কমে যায় দুই শেয়ারবাজারেই। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৪,০৬৮ পয়েন্টে।

সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ৪৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের প্রায় শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১০৭টির দাম বেড়েছে। কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইর মতো সিএসইতেও একই অবস্থা বিরাজ করছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৫৮৬ পয়েন্টে।

আজ সিএসইতে হাতবদল হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দাম বেড়েছে। কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, বিএসসিসিএল, পদ্মা অয়েল, গ্রামীণফোন, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, তাল্লু স্পিনিং, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, অ্যাকটিভ ফাইন প্রভৃতি।