শেরপুর থেকে তিন গুণ ভাড়ায় চাল যাচ্ছে ঢাকায়
স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি ভাড়ায় শেরপুর থেকে চাল নিয়ে অর্ধশতাধিক ট্রাক গেছে রাজধানী ঢাকায়।
চালকল মালিকেরা জানান, টানা হরতাল-অবরোধে শেরপুরে চালের দাম না বাড়লেও পাইকারি ক্রেতারা আসতে না পারায় মজুত বেড়ে যাচ্ছে। এতে তাঁরা আর্থিক সংকটে পড়ছেন। তাই ঝুঁকি নিয়ে তাঁরা সোমবার রাতে চালবোঝাই প্রায় অর্ধশত ট্রাক রাজধানী ঢাকায় পাঠিয়েছেন। আর এ জন্য তাঁদের স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি ভাড়া দিতে হয়েছে।
শেরপুর জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চাল ব্যবসায়ী মো. জয়নাল আবেদীন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ে শেরপুর থেকে ঢাকায় ট্রাক ভাড়া দিতে হয় ১০ থেকে ১২ হাজার টাকা। কিন্তু হরতাল-অবরোধের কারণে এখন দিতে হচ্ছে ২৮ থেকে ৩০ হাজার টাকা। কারণ প্রচণ্ড ঝুঁকির মধ্যে এসব ট্রাক ঢাকায় যাচ্ছে।
আবহাওয়া অনুকূলে থাকায় ও কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় চলতি আমন মৌসুমে শেরপুর জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে চালকলগুলোতেও শুরু থেকেই উৎপাদন কার্যক্রম চলতে থাকে। কিন্তু অবরোধে পাইকারি ক্রেতা আসতে না পারায় চালকলগুলোতে প্রভাব পড়ে।
জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন বলেন, হরতাল-অবরোধের কারণে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধান না এলেও স্থানীয় বাজারে উৎপাদিত ধান দিয়েই চালকলগুলো চালু রাখার চেষ্টা চলছে। কিন্তু পাইকাররা আসছেন না, চালও বিক্রি হচ্ছে না।
শেরপুরের বাজারে বর্তমানে প্রতি মণ নাজিরশাইল চাল এক হাজার ৭২০ টাকা ও স্বর্ণা চাল এক হাজার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।