শেরপুরে ঈদের বাজার জমজমাট
ঈদ যত ঘনিয়ে আসছে, শেরপুরে ঈদের কেনাবেচাও তত জমে উঠছে। জেলা শহরের সব মার্কেট ও বিপণিবিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে।
শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা শহীদ বুলবুল সড়কের তৈরি পোশাক এবং নয়আনী বাজারের কাপড় ও জুতার দোকানগুলো ঘুরে বিভিন্ন বয়সের নারী-পুরুষের ব্যাপক সমাগম দেখা গেছে।
নিত্যনতুন ফ্যাশনের জামা, শাড়ি, জুতা ও প্রসাধনী কিনে বাড়ি ফিরছেন তাঁরা।
এদিকে শেরপুর পৌর টাউন হলে নবনির্মিত সুপার শপিং কমপ্লেক্সে ১০টি ফ্যাশন হাউস যাত্রা শুরু করায় ঈদের পোশাক কেনাবেচায় বৈচিত্র্য এসেছে।
ব্যবসায়ীরা জানান, এবারে মহিলা ক্রেতারা বেশি কিনছেন অপেরা সিল্ক, জর্জেট, টিস্যু শাড়ি, কাতান, জুট ও ঢাকাইয়া জামদানি, টাঙ্গাইলের তাঁতের ও সুতির নকশি শাড়ি। তরুণী ক্রেতাদের আগ্রহ বেশি পাখি, পিউ, হানিবানি, রামলীলাসহ ভারতের বিভিন্ন হিন্দি ও বাংলা সিরিয়াল ও নায়িকাদের নামে আসা থ্রি-পিস। পুরুষেরা বেশি কিনছেন জিনসের প্যান্ট, শার্ট ও পাজামা-পাঞ্জাবি।
নয়আনী বাজারের একটি বস্ত্র বিপণিতে সজবরখিলা মহল্লার গৃহবধূ আফসানা বেগম বলেন, এবারে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। দামও তুলনামূলক সহনশীল।
পরিমল বস্ত্রালয়ের মালিক পরিমল সাহা জানান, বেচাকেনা খুব ভালো। দুই হাজার থেকে ১০ হাজার টাকা দামে নিমজড়ি ও সুতা-চুমকির টিস্যু শাড়ি, তিন হাজার থেকে ২০ হাজার টাকায় সিল্ক ও জর্জেট শাড়ি, তিন হাজার থেকে ১০ হাজার টাকা মূল্যে থ্রি-পিস এবং ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকায় লেহেঙ্গা বিক্রি হচ্ছে।