শেরপুরে ঈদের বাজার জমজমাট
ঈদ যত ঘনিয়ে আসছে শেরপুরে ঈদের কেনাবেচাও তত জমে উঠছে। জেলা শহরের সব মার্কেট ও বিপণিবিতানগুলোতে এখন প্রতিদিন গভীর রাত পর্যন্ত ঈদের কেনাকাটা চলছে।সরেজমিনে জেলা শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু ও তরুণ-তরুণীদের দিনরাত ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে।এবারের ঈদ বাজারে মহিলা ক্রেতারা ভারতীয় সিল্ক, জর্জেট, টিসু শাড়ি, দেশি জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি বেশি কিনছেন। তরুণীরা কিনছেন আকসারা, সোহানা, সানিয়া মির্জা ও রাই বিনোদিনীসহ বাহারি সব নামের থ্রি-পিস এবং নানা ধরনের প্রসাধনসামগ্রী। শিশুদের জন্য বেশি কেনা হচ্ছে ফতুয়া। আর পুরুষ ক্রেতারা কিনছেন জিন্সের প্যান্ট, শার্ট, পাজামা ও পাঞ্জাবি।শহরের পরিমল বস্ত্রালয়ের মালিক সুমন সাহা জানান, এবার ঈদের বেচাকেনা খুব ভালো। বর্তমানে তিন হাজার ৫০০ টাকা থেকে সাত হাজার টাকা মূল্যে টিসু শাড়ি, ৭৫০ টাকা থেকে ১২ হাজার টাকায় সিল্ক ও জর্জেট শাড়ি, দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় এমনকি নয় হাজার টাকায়ও বিক্রি হচ্ছে মেয়েদের থ্রি-পিস। এরমধ্যে এবার ভারতীয় টিসু শাড়ি এবং ঢাকার জামদানি শাড়ি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে সুমন জানান।টাউন হল মোড়ে নবনির্মিত মার্কেট বিপি প্লাজায় পাঁচটি ফ্যাশন হাউসের যাত্রা শুরু হওয়ায় শেরপুর শহরে এবার ঈদের পোশাক কেনার ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে। এই মার্কেটের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্যাশন হাউসের মালিক মানিক চন্দ্র দাস জানান, তাঁদের দোকানে জিন্স ও গ্যাবাডিনের প্যান্টসহ বিভিন্ন ধরনের দেশি-বিদেশি শার্ট ও টি-শার্ট ব্যাপক হারে বিক্রি হচ্ছে।শহরের নয়আনি বাজারের একটি বিপণিতে বাগরাকসা মহল্লার গৃহবধূ সাবিনা নার্গিস বলেন, এবারের ঈদ বাজারে প্রায় সব দোকানেই পছন্দসই পোশাক পাওয়া যাচ্ছে। কিন্তু দামটা গত বছরের চেয়ে অনেক বেশি।সদরে আসা কুসুমহাটি গ্রামের কৃষক মো. আফছার আলী ও মো. ভাসানী জানান, এবার বোরো ধানের দাম ভালো পাওয়ায় ঈদের কাপড়-চোপড় কিনতে তাঁদের সুবিধা হচ্ছে। এতে তাঁরা ভীষণ খুশি বলে উল্লেখ করেন।