শেরপুরে এটিএম কার্ডধারী গ্রাহকেরা ভোগান্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা শহরে এটিএম (অটোমেটেড টেলার মেশিন) থেকে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। অনেকে প্রয়োজনে টাকা তুলতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।
এ শহরে চারটি ব্যাংকের এটিএম বুথ রয়েছে। এর মধ্যে বুথে টাকা না থাকায় যমুনা ব্যাংকের বুথটি বন্ধ হয়ে যায়। ইসলামী ব্যাংক ও ডাচ্-বাংলা ফাস্ট ট্র্যাকের বুথে অন্য ব্যাংকের কার্ড ‘সাপোর্ট’ না করায় ব্যাংক দুটির নিজস্ব গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহকেরা টাকা তুলতে পারছেন না। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের বুথটি ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল রোববার বিকেলে চালু হয়েছে। তাও নির্ধারিত কয়েকটি ব্যাংক ছাড়া অন্য ব্যাংকগুলোর কার্ডে টাকা তোলা যাচ্ছে না। শনিবার থেকে শেরপুরে এ সমস্যা চলছে।
ডাচ্-বাংলা ফাস্ট ট্র্যাকের বুথে ঢাকার একটি টেক্সটাইল মিলের কর্মী হাফিজুর রহমান জানান, তিনি প্রাইম ব্যাংকের গ্রাহক। ডাচ্-বাংলা ফাস্ট ট্র্যাকে টাকা তুলতে এসেছিলেন। তিনি বলেন, এই ব্যাংকের বুথে অন্য ব্যাংকের কার্ড সাপোর্ট দিচ্ছে না। ফলে টাকা তুলতে পারেননি।
জানতে চাইলে ইসলামী ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক মো. হামিদ মাহমুদ বলেন, অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা উত্তোলনে জালিয়াতির আশঙ্কায় শুধু তাঁদের ব্যাংকের কার্ড দিয়েই টাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যমুনা ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার ব্যাংক বন্ধ করার সময় এটিএম বুথে নগদ ৩০ লাখ টাকা ‘লোড’ করা হয়। কিন্তু গ্রাহকের চাপে শুক্রবারের মধ্যেই তা শেষ হয়ে যায়। তাই বুথ বন্ধ রাখা হয়েছে। ব্যাংক খুললে পুনরায় টাকা লোড করা হবে বলে তিনি জানান।