শেরপুরে চামড়ার জোগান ও দাম দুই-ই ছিল বেশি
বেঁধে দেওয়া মূল্যের চেয়ে বেশি দামে বগুড়ার শেরপুরে কোরবানির পশুর চামড়া কেনাবেচা হয়েছে। ঈদের দিন সন্ধ্যায় বৃষ্টির কারণে এই পশুর চামড়া কেনাবেচা গড়ায় পরদিন সন্ধ্যা পর্যন্ত।
ঈদুল আজহার দিন অর্থাৎ গত বুধবার দুপুর থেকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শুরু হয় কোরবানির পশুর চামড়া কেনাবেচা। স্থানীয় চামড়া ব্যবসায়ীরা বলেন, গত বছরের চেয়ে এবার এই বাজারে চামড়া উঠেছে বেশি। বগুড়াসহ পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মৌসুমি চামড়ার ব্যবসায়ীরা শেরপুরের বাজারে চামড়া তুলেছে।
স্থানীয় একাধিক ব্যবসায়ী বলেন, ৩৫ থেকে ৪০ বর্গফুট গরুর ভালো চামড়ায় তাঁদের খরচ পড়েছে তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টাকা। একটু খারাপ মানের চামড়ার ক্ষেত্রে খরচ পড়েছে কমপক্ষে এক হাজার ৮০০ টাকা। একইভাবে প্রতিটি ছাগলের চামড়া কেনা হয়েছে ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। গত বছরে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত কম মূল্যে এসব চামড়া কেনাবেচা করতে হয়েছিল।
ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, উত্তরের অন্যান্য জেলার চেয়ে শেরপুরের ক্রয় করা চামড়ার গুণগত মান অনেক ভালো। এই চামড়ার চাহিদাও বেশি। এবার বেশি দামে কেনায় তাঁদের লাভ কম হবে।
স্থানীয় ব্যবসায়ী রবিন দাস বলেন, শেরপুরের চামড়ার বাজারে এবার প্রায় ৩০ হাজার গরু এবং প্রায় ২৫ হাজার ছাগলের চামড়া উঠেছে। কেনাকাটায় লেনদেন হয়েছে প্রায় নয় কোটি টাকা।
মৌসুমি চামড়ার ব্যবসায়ী খামারকান্দির সাইফুল ইসলাম জানান, গত বছরে দাম কম পেয়েছিলেন। এবার বাজার ভালো থাকায় ৫০ হাজার টাকা পুঁজি খাটিয়ে লাভ করেছেন আট হাজার টাকা।