শেরপুরের চাতালশিল্প রক্ষার দাবি ব্যবসায়ীদের
শেরপুর জেলার চারটি ব্যবসায়িক সংগঠন স্থানীয় চালকল ও চাতালশিল্প রক্ষার দাবি জানিয়েছে।
চার দফা দাবিতে তারা গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হানিফ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। সংগঠনগুলো হচ্ছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা চালকল মালিক সমিতি, জেলা চাল আড়ত ব্যবসায়ী সমিতি ও জেলা কুঁড়া ব্যবসায়ী সমিতি। মানববন্ধনে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি চালকল ও চাতালের মালিক এবং শ্রমিকেরা অংশ নেন।
তাদের অন্য দাবিগুলো হচ্ছে ভারতীয় চালের অবাধ ও শুল্কমুক্ত আমদানি বন্ধ; চালশিল্পে ব্যাংকঋণের সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশে পুনর্নির্ধারণ এবং একটি নীতিমালার অধীনে নতুন চালকল স্থাপন ও চটের বস্তা ব্যবহারের আইনটি শিথিল করা।
এরপর পৌর টাউন হল মিলনায়তনে সংগঠনগুলো এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন শেরপুর চেম্বারের সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া, চালকল মালিক সমিতির সভাপতি মো. আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রওশন এবং বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী।
জেলা প্রশাসক জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।