শেরপুরের নাকুগাঁও শুল্কবন্দর পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত নাকুগাঁও শুল্কবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে।এদিকে প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে বন্দরটির অবকাঠামোগত উন্নয়নসহ সড়ক যোগাযোগ-ব্যবস্থার উন্নয়নে ইতিমধ্যে প্রয়োজনীয় কার্যক্রমও নেওয়া হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ আইন-২০১০-এর আলোকে সরকার গত ২৭ অক্টোবর নাকুগাঁও শুল্কস্টেশনকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে এবং গত ৩০ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান সম্প্রতি প্রথম আলোকে জানান, নাকুগাঁও শুল্কবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত করার লক্ষ্যে ইতিমধ্যে ১০ দশমিক ৫৫ একর জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে এখানে বিডিআর ক্যাম্প ও পুলিশ স্টেশন, কাস্টমস ভবন, ওয়্যার হাউস ও ব্যাংক স্থাপনসহ অবকাঠামোগত উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। শেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আসলাম আলী প্রথম আলোকে জানান, শেরপুর-ঢাকা মহাসড়কের সঙ্গে নাকুগাঁও স্থলবন্দরের ৩০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে ১৭১ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।প্রসঙ্গত, নাকুগাঁওয়ে পূর্ণাঙ্গ স্থলবন্দর চালু হলে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। এতে যেমন সরকারের রাজস্ব আয় কয়েক গুণ বাড়বে, তেমনি ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ হবে। এ ছাড়া বৃহত্তর ময়মনসিংহে একমাত্র নাকুগাঁওয়ে ইমিগ্রেশন চেকপোস্ট থাকায় এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ সহজেই ভারতের মেঘালয়সহ অন্যান্য রাজ্যে সহজে যাতায়াত করতে পারবেন।নাকুগাঁও স্থলবন্দরকে ইতিমধ্যে এশিয়ান হাইওয়ে কানেকটিভিটির সঙ্গেও যুক্ত করায় এটির অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নাকুগাঁও স্থল শুল্কবন্দর পিছিয়েই আছে’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।