শেরপুরের নিভৃত গ্রামে জামদানির কারখানা
শেরপুর জেলা সদরের চরশেরপুর ইউনিয়নের একটি নিভৃত গ্রাম হাইতাপাড়া। গ্রামটির চারদিকে সোনালি ধানখেত আর বাঁশঝাড়, মাঝখানে বিচ্ছিন্ন দুই-একটি বাড়ি। তেমনই এক বাড়িতে বাঁশের বেড়ায় ঘেরা প্রায় ৪০ হাত লম্বা একটি টিনের ঘরে দিনরাত চলছে তাঁতের খট খট আওয়াজ। সেখানে নিবিষ্ট মনে জামদানি শাড়ির বুনন ও চরকায় সুতা কাটার কাজে নিমগ্ন প্রায় অর্ধশত কিশোর-কিশোরী কারিগর। এ গ্রামেরই বাসিন্দা কামরুল হাসান বছর পাঁচেক আগে মাত্র নয় হাজার টাকা পুঁজি নিয়ে এখানে জামদানি শাড়ি তৈরির কাজ শুরু করেন। বাবা আমির হামজার সংসারে নিত্য অভাব-অনটনের কারণে মাত্র ১২ বছর বয়সেই নারায়ণগঞ্জের মুগরাকুল গ্রামের ফুফু সাজেদার বাড়িতে গিয়ে সেখানকার একটি জামদানি শাড়ি তৈরির কারখানায় কাজ নেন। দীর্ঘ ১৬ বছর সেখানে কাজ করে কামরুল হাসান নিজেকে জামদানি শাড়ি তৈরির একজন দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলেন। এরপর গ্রামে ফিরে তিনি নিজেই জামদানি শাড়ি তৈরির কাজ শুরু করেন।কামরুল হাসান প্রথম আলোকে জানান, প্রথমে মাসে সাত-আটটি শাড়ি তৈরি করে ঢাকার হকার্স মার্কেটে নিয়ে বিক্রি করতেন। ফিরতেন জামদানি তৈরির সুতা, রংসহ অন্যান্য সরঞ্জামাদি নিয়ে। মাত্র একটি তাঁত নিয়ে শুরু করলেও এখন তা বেড়ে হয়েছে ১৬টি এবং বর্তমানে তাঁর কারখানায় মাসে ১০০ থেকে ১২০টি শাড়ি তৈরি হচ্ছে। ঢাকায় এসব শাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পুঁজির অভাবে তিনি তাঁর কারখানাটি বড় করতে পারছেন না। পুঁজি-সংকট থাকায় তিনি স্থানীয় দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে কারখানাটি পরিচালনা করছেন। এতে লাভ হচ্ছে খুবই সীমিত। যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাঁকে সুদমুক্ত বা অল্প সুদে চার থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেয়, তাহলে তিনি কারখানাটি বড় করতে পারবেন। কামরুল আরও বলেন, তাঁর গ্রামে বিদ্যুৎ নেই। ফলে কারিগরদের কাজ করতে অসুবিধা হয়। বিদ্যুৎ থাকলে উৎপাদিত শাড়ির গুনগত মান আরও উন্নত হতো। সরেজমিনে সম্প্রতিকামরুল হাসানের জামদানি শাড়ি তৈরির কারখানা পরিদর্শনকালে কারিগর মো. আবুল হাসেম, মো. সজীব ইসলাম, মো.পারভেজ আলী ও শারমিনা বেগম জানান, জামদানি শাড়ি তৈরি করে তাঁরা প্রত্যেকে প্রতি সপ্তাহে গড়ে এক থেকে দুই হাজার টাকা আয় করেন। এদিকে ওই এলাকায় অন্যরাও এখন জামদানি শাড়ির কাজ শুরু করেছেন। তেমনই দুজন হলেন হাইতাপাড়ার পার্শ্ববর্তী ধোপাঘাট গ্রামের দম্পতি মো. মণ্ডল মিয়া ও হাজেরা বেগম। তাঁরা কামরুলের কারখানায় দুই বছর কাজ শিখে নিজেরাই এখন বাড়িতে ছয়টি তাঁত বসিয়ে ১২ জন কারিগর নিয়ে কাজ করছেন। প্রতি মাসে তাঁরা প্রায় ৫০টির মতো জামদানি শাড়ি তৈরি করেন এবং খরচ বাদে তাঁদের ১৫ হাজার টাকা আয় হয়। চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান দুলাল বলেন, কামরুল অল্প দিনের মধ্যেই হাইতাপাড়া গ্রামের দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সরকারের পক্ষ থেকে কামরুলের মতো ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হলে প্রত্যন্ত গ্রামেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।