শেলটেকের আবাসন মেলা শুরু আজ

দেশের আবাসন খাতের প্রতিষ্ঠান শেলটেক আজ রোববার ৩০ বছরে পদার্পণ করছে। এই উপলক্ষে শেলটেক বর্ষপূর্তি মেলার আয়োজন করছে।
রাজধানীর পান্থপথে শেলটেক লাউঞ্জে আজ থেকে এই আবাসন মেলা শুরু হচ্ছে। ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন মেলা চলবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা। এতে ঢাকার বিভিন্ন এলাকার শেলটেকের ফ্ল্যাট বিক্রি করা হবে। ২৯ বছর পূর্তি উপলক্ষে ফ্ল্যাট বুকিংয়ে ক্রেতাদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যছাড় দেবে প্রতিষ্ঠানটি।
শেলটেক লাউঞ্জে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ বলেন, ‘আমরা একসঙ্গে অনেক ফ্ল্যাট তৈরির জন্য কারিগরিভাবে দক্ষ। বর্তমানে আমাদের ফ্ল্যাট প্রকল্প বড় আকারের। সেখানে ফ্ল্যাটের সংখ্যা তুলনামূলক বেশি। তাই এই ফ্ল্যাটগুলো ক্রেতাদের জন্য ব্যয় সাশ্রয়ী হচ্ছে।’ তিনি বলেন, ‘অন্য প্রতিষ্ঠান যেখানে প্রকল্প নেওয়ার সাহস পায় না, আমরা সেখানে প্রকল্প নিয়েছি এবং সাশ্রয়ী মূল্যে বিক্রি করছি। নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর করছি।’
পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি প্রকল্পের কথা উল্লেখ করে তৌফিক এম সেরাজ বলেন, ‘গেন্ডারিয়ায় শেলটেক গ্র্যান্ড প্যালেস প্রকল্পের ফ্ল্যাট পাঁচ বছর আগে আমরা যে দামে বিক্রি করেছি, বর্তমানে এসব ফ্ল্যাটের মূল্য দ্বিগুণ হয়ে গেছে। এ ছাড়া মণিপুরিপাড়ায় শেলটেক মনিহার প্রকল্পে প্রায় ২০ বছর আগে আমরা যে দামে ফ্ল্যাট বিক্রি করেছিলাম, এখন সেটির দাম বেড়ে ১০ গুণ হয়েছে।’
প্রতিষ্ঠানের পরিচালক তানভীর আহমেদ বলেন, ১৯৮৮ সালের যাত্রা শুরুর পর গত ২৯ বছরে শেলটেক ১৬০টির বেশি প্রকল্পের প্রায় সাড়ে তিন হাজার ফ্ল্যাট হস্তান্তর করেছে। বর্তমানে এক হাজার ফ্ল্যাট নির্মাণাধীন আছে।
সংবাদ সম্মেলনে শেলটেকের নির্মাণের গুণমান বিষয়ে একটি উপস্থাপনা দেন পরিচালক সামিয়া সেরাজ।