শেষ আড়াই ঘণ্টার লেনদেনে থামল বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দেড় ঘণ্টার লেনদেনে গতকাল সোমবারও আগের দিনের বড় দরপতনের ধারায় ছিল দেশের শেয়ারবাজার। কিন্তু শেষ আড়াই ঘণ্টার লেনদেনে বড় দরপতনের হাত থেকে রেহাই পেয়েছে বাজার। যদিও দিন শেষে সূচকের নিম্নমুখী প্রবণতা নিয়েই লেনদেন শেষ হয়েছে দুই বাজারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৭৬৪ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫০ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দিনের শুরুতে বড় দরপতন দেখা দিলে পতন ঠেকাতে কিছু প্রতিষ্ঠান সক্রিয় হয়। তাতে বড় দরপতন থেকে রেহাই পায় বাজার। তাঁদের মতে, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ভর করেছে এখন শেয়ারবাজারে। রাজনৈতিক সংঘাতের শঙ্কায় নিয়মিত লেনদেনকারীদের অনেকে এখন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। যার প্রভাবে বাজারে আবারও মন্দাভাব দেখা দিয়েছে।
জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘বাজারের লেনদেনের চিত্র পর্যালোচনা করে দেখা গেছে, দুপুর ১২টার পর পতনমুখী বাজারকে কেউ টেনে তোলার চেষ্টা করেছে। যেটি বাজারের স্বাভাবিক আচরণ বলে মনে হয়নি। এ কারণে বড় পতন ঠেকানো গেলেও শেষ পর্যন্ত বাজারকে টেনে তোলা সম্ভব হয়নি। বাজারে এই মুহূর্তে নিয়মিত লেনদেনকারীদের কোনো সক্রিয় ভূমিকা চোখে পড়ছে না।’
বাজারের এমন আচরণের জন্য দেশের বিরাজমান রাজনৈতিক অনিশ্চয়তাকে প্রধান কারণ বলে উল্লেখ করেন মাশরিব জাহিদ। তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশের শেয়ারবাজারই রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম নয়। কারণ, রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশি-বিদেশি কোনো বিনিয়োগকারী বিনিয়োগের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
তবে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে গেলে বাজার আবারও তার স্বাভাবিক গতি ফিরে পাবে বলে মন্তব্য করেন জাহিদ।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শুরুতে দর বৃদ্ধির তালিকায় ছিল হাতে গোনা কয়েকটি কোম্পানি। প্রথম দেড় ঘণ্টা এ অবস্থা অব্যাহত ছিল। এ সময় ডিএসইর প্রধান সূচক প্রায় আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট কমে নেমে আসে তিন হাজার ৬৮৯ পয়েন্টে। এরপর হঠাৎ করে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির সংখ্যা বাড়তে থাকে। এতে সূচকের কিছুটা উন্নতি হয়।
দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১৬৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৭ কোটি টাকা বেশি।
অপরদিকে সিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।