শেষ কর্মদিবসে ব্যাংকে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে শেষ কার্যদিবসে গতকাল লেনদেনের জন্য ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ছবিটি রাজধানীর মতিঝিলের একটি ব্যাংকের শাখা থেকে তোলা l সাইফুল ইসলাম
ঈদের আগে শেষ কার্যদিবসে গতকাল লেনদেনের জন্য ব্যাংকগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ছবিটি রাজধানীর মতিঝিলের একটি ব্যাংকের শাখা থেকে তোলা l সাইফুল ইসলাম

ন্যাশনাল পেমেন্ট সুইচের ধীর গতির কারণে গত বুধবার অর্ধেক বেলা এটিএম লেনদেন প্রায় বন্ধ ছিল। ফলে ঈদের আগে ব্যাংকের শাখা থেকে নগদ টাকা তুলতে গতকাল বৃহস্পতিবারই ছিল শেষ দিন। এ কারণে গতকাল দিনভর ব্যাংকের শাখাগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঈদের খরচ ও কোরবানির পশু কেনার জন্য প্রয়োজনীয় টাকা তুলতে ভিড় করেন অনেক গ্রাহক। তা ছাড়া শ্রমিকদের বেতন-বোনাস দিতে তৈরি পোশাক কারখানার মালিকেরাও টাকা তুলেছেন। রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রাহকদের টাকা তুলতে দেখা গেছে।
রাজধানীর গুলশান, মতিঝিল ও দিলকুশায় সরকারি ও বেসরকারি ব্যাংকের একাধিক শাখা ঘুরে দেখা গেছে, ব্যাংক বন্ধ হয়ে যাবে, এ কারণে অনেক গ্রাহকই তাঁদের প্রয়োজনীয় লেনদেন সারতে এসেছেন। এর মধ্যে অনেকেই এসেছেন নতুন টাকা নিতে। তবে শুধু টাকা তোলার জন্য নয়, জমা দেওয়ার জন্যও এসেছেন অনেক গ্রাহক। তাঁদের মধ্যে ব্যবসায়ীরাই বেশি।
সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফনীন্দ্র ত্রিবেদী প্রথম আলোকে বলেন, প্রতিবারের মতো এবারও ঈদের আগে লেনদেনে বেশ চাপ ছিল। অন্য দিনের তুলনায় লেনদেন হয়েছে কয়েক গুণ বেশি। তবে ব্যাংকে নগদ টাকার সংকট না থাকায় লেনদেনেও কোনো সমস্যা হয়নি। গ্রাহকের চাহিদামতো পরিশোধ করা হচ্ছে।
ঈদের আগে ব্যবসায়ীদের লেনদেনের সুবিধার্থে আরও তিন দিন কিছু ব্যাংকের শাখা খোলা থাকলেও সামগ্রিক লেনদেনের সুযোগ বন্ধ হয়ে যায় গতকাল বৃহস্পতিবারের পর থেকে। তবে সামগ্রিকভাবে সব ব্যাংক আজ শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে নগদ টাকার চাহিদা মেটাতে সাধারণ গ্রাহকদের নির্ভর করতে হবে এটিএম বুথগুলোর ওপর। টানা ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা থাকবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে গ্রাহকদের মধ্যে।
গতকাল ঈদের আগে ব্যাংকের শেষ কার্যদিবসে সকাল থেকেই রাজধানীর ব্যাংকের শাখাগুলোতে লেনদেন করতে আসা গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই দিন টাকা তোলা ও জমা দেওয়া দুটোই বেশি হয়েছে।
গতকাল গুলশানের সিটি ব্যাংকের প্রধান শাখায় টাকা জমা দেওয়া মেশিনের সামনে দেখা যায় দীর্ঘ সারি। টাকা জমা দিতে আসা গুলশানের ফারহানা আফরিন প্রথম আলোকে বলেন, আমানতের টাকা জমা দেওয়ার শেষ দিন ১০ তারিখ। তবে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবারই ছিল শেষ দিন। এ কারণে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে হচ্ছে।
এদিকে ব্যাংকগুলোর কাছে নগদ টাকার মজুত পর্যাপ্ত থাকায় গ্রাহকদের চাহিদামাফিক টাকা দিতে ব্যাংকগুলোকে খুব একটা বেগ পেতে হয়নি। যে কারণে আন্তব্যাংক মুদ্রাবাজার (কলমানি মার্কেট) থেকে নগদ টাকা ধার করার প্রবণতাও খুব একটা বাড়েনি। তবে গ্রাহকেরা যাতে কোনোভাবে অসুবিধায় না পড়েন, সে জন্য কিছু কিছু ব্যাংক নগদ টাকা মজুত রাখতে কলমানি মার্কেট থেকে নগদ টাকা ধার করা বাড়িয়ে দেয়। যে কারণে গতকাল কলমানি মার্কেটে লেনদেনের পরিমাণ সাত হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। তবে সুদের হারে তেমন কোনো পার্থক্য ছিল না। সর্বোচ্চ ৪ দশমিক ৫০ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৩ শতাংশ।
সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ঈদের আগে স্বাভাবিক লেনদেনের শেষ দিন হওয়ায় ভিড় একটু বেশি ছিল। তবে গ্রাহকদের চাহিদামতো সেবা দেওয়া গেছে।
ব্যাংকগুলো যাতে ছুটির মধ্যে এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণে টাকা মজুত রাখে, সে বিষয়ে গত বুধবার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকালও রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর এটিএম বুথগুলোতে টাকা তুলতে আসা গ্রাহকদের বেশ ভিড় দেখা গেছে। কোনো কোনো এটিএম বুথে গ্রাহকদের ছোটখাটো সারি ধরে টাকা তুলতেও দেখা গেছে।