ঈদের ছুটির পর টানা তিন দিন দরপতনের পর গতকাল বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্যসূচক সামান্য বেড়েছে। তবে এ দিন দুই বাজারেই অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কম হয়েছে লেনদেন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল শেষ ঘণ্টার নাটকীয়তা বদলে দেয় দিনের লেনদেনের চিত্র। অনেকটা আকস্মিকভাবেই ঘুরে দাঁড়ায় ডিএসইর সাধারণ সূচক। লেনদেন হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বাড়া কোম্পানির সংখ্যাও মিনিটে মিনিটে বাড়তে থাকে। এ পর্যায়ে অধিকাংশ শেয়ারের দর বেড়ে যায়। আর সকালে ছিল এর উল্টো, অর্থাৎ অধিকাংশ শেয়ারের দর কমে ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, শেষ ঘণ্টার এই নাটকীয়তায় বড় ভূমিকা রাখে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ধারাবাহিক পতন ঠেকাতে প্রতিষ্ঠানটি শেয়ার কিনতে শুরু করে। অন্যান্য দিনের চেয়ে গতকাল অধিক পরিমাণে শেয়ার ক্রয় করে প্রতিষ্ঠানটি, যার ইতিবাচক প্রভাব পড়ে বাজারে। যোগাযোগ করা হলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাজারের স্বার্থেই আইসিবি গতকাল বড় ক্রেতার ভূমিকায় ছিল। অতীতের মতো আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ তবে কত কোটি টাকার শেয়ার কিনেছেন তা জানাতে অসম্মতি প্রকাশ করেন মোহাম্মদ ফায়েকুজ্জামান। এদিকে আইসিবির কল্যাণে শেয়ারের দাম ও মূল্যসূচক কিছুটা বাড়লেও লেনদেনের পরিমাণ কমে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে। তাঁরা আইসিবির মতো অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করার জন্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েই গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। লেনদেন শুরুর ১৫ মিনিট পর থেকে দরপতন শুরু হয়, যা দুপুর পৌনে দুইটা পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বাড়ার তালিকায় ছিল ৭৭টি, কমার তালিকায় ছিল ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির। এরপরই শুরু হয় নাটকীয় পরিবর্তন। বেশির ভাগ শেয়ারেরই দাম বাড়তে থাকে। দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে ১৬৪টির দাম বেড়েছে, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল ১৩ কোম্পানির শেয়ারের দাম। আর লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার ৯৬ পয়েন্টে।দিন শেষে ঢাকার বাজারে ৩০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা কম। তাই শেয়ারের দাম বাড়লেও খুব বেশি আশাবাদী হতে পারছেন না বিনিয়োগকারীরা। গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল: যমুনা অয়েল, তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট, বেক্সিমকো, ইউসিবিএল, ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, কেয়া কসমেটিকস ও সিটি ব্যাংক। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ২৬৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানির মধ্যে ১১৮টির দাম বেড়েছে, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল আটটি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামের বাজারে দিনশেষে ৪০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।