শেষ দিনে করদাতাদের ব্যাপক ভিড়

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ বুধবার। সন্ধ্যার পরেও বহু করদাতা কর কার্যালয়গুলোতে ভিড় করেছেন। যতক্ষণ পর্যন্ত করদাতারা রিটার্ন দিতে চাইবেন, ততক্ষণ রিটার্ন নেবে কর কার্যালয়গুলো। সর্বশেষ খবর অনুযায়ী রাত নয়টার পরও অনেক কর কার্যালয়ে বহু করদাতা রিটার্ন জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন।
তবে সকাল থেকেই মাঠপর্যায়ের কর কার্যালয়গুলোতে করদাতাদের বেশ ভিড় ছিল। সারা দিনই সেগুনবাগিচাসহ রাজধানীর বিভিন্ন কর কার্যালয়ে রিটার্ন জমা দিতে আসেন। অনেককে জায়গা না পেয়ে মেঝেতে বসে রিটার্ন ফরম পূরণ করতে দেখা গেছে। ভিড় ঠেলে রিটার্ন জমার কাজ শেষ করতে অন্য দিনের চেয়ে বেশি সময় লেগেছে।
রাজধানীর সেগুনবাগিচার কর অঞ্চল ১, ৬, ৭, ৮ ও ১১-এর কার্যালয়গুলোতে দুপুরে সরেজমিনে গিয়ে এ চিত্র পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তারাই আজ বেশি রিটার্ন জমা দিয়েছেন বলে এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত ৯ লাখ ৭২ হাজার ৯৬৭ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এতে আয়কর আদায় হয়েছে ৩ হাজার ২৬ কোটি টাকা। যাঁরা আজও রিটার্ন জমা দিতে পারেননি, তাঁরা নির্ধারিত করের ওপর মাসে ২ শতাংশ হারে সুদ দিয়ে রিটার্ন জমা দিতে পারবেন।
আজ জাতীয় আয়কর দিবস পালন করেছে এনবিআর। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এনবিআর। এতে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, এনবিআরের সদস্য, ব্যবসায়ী, খেলোয়াড়, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি সেগুনবাগিচার এনবিআর ভবনের সামনে থেকে শুরু হয়। পরে মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে আবার এনবিআরের সামনে এসে শেষ হয়।
এনবিআরের ওয়েবসাইট ব্যবহার করে ইটিআইএন নিতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেছেন অনেক ইটিআইএন প্রত্যাশী। কয়েক দিন ধরেই এ সমস্যা হচ্ছে। এ বিষয়ে এনবিআর কর্মকর্তারা বলেছেন, একই সঙ্গে শত শত ইটিআইএন প্রত্যাশী ওয়েবসাইটে লগ ইন করায় সেবাটি দিতে সমস্যা হচ্ছে।