শেষ দিনে থাই মেলা জমজমাট

চার দিনের থাই পণ্যমেলার শেষ দিন গতকাল শনিবার ছিল ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে নিজের পছন্দের পণ্যটি কিনতে ক্রেতারা অংশ নেন দরদামের দেনদরবারে। সঙ্গে ছিল মেলা প্রাঙ্গণে আগত ব্যক্তিদের সেলফি তোলার হিড়িক।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন। শেষ দিন সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চে ফ্যাশন শোর আয়োজন করা হয়।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গত বুধবার থেকে শুরু হয় ‘থাইল্যান্ড উইক-২০১৭’ নামে চার দিনের থাই পণ্যমেলা। বাংলাদেশের থাই দূতাবাসের সহায়তায় থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন বিভাগ এই মেলার আয়োজন করে। এবারের মেলা ছিল ১৫তম আয়োজন। গতকাল মেলা ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
আয়োজকেরা বলেন, মেলায় কসমেটিকস, গার্মেন্টস ও ফ্যাশন, জুয়েলারি থেকে শুরু করে খাদ্য ও পানীয়, সেবাপণ্য প্রদর্শিত হয়। মেলা প্রাঙ্গণে থাই এয়ারের কর্মকর্তা মো. রিয়াজ বলেন, মেলায় অর্ধশতাধিক বুকিং মিলেছে। এশিয়ার বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে তারা বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। ১ মে থেকে ৩০ জুন এবং ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে কেবল এই প্যাকেজ পাওয়া যাবে। ৩১ মার্চের মধ্যে টিকিট কাটতে হবে।
মেলায় থাই ফলমূলের পসরা সাজিয়ে বসেছে থাই বিমসটেক ফুডস নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পরিচালন ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, এবারে বিকিকিনি গতবারের চেয়ে কিছুটা কম হয়েছে। তবে তা প্রত্যাশার কাছাকাছিই ছিল।
মেলায় থাইল্যান্ডের বিখ্যাত ফিনেল ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী বাংলাদেশে বাজারজাতের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল। ফিনেল কসমেটিকস বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, চার দিনের মেলায় প্রত্যাশার চেয়ে বেশি সাড়া মিলেছে।