শেষ পর্যন্ত চলতি হিসাবে উদ্বৃত্তই থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কাটি আর বাস্তবায়িত হলো না। ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে বড় ধরনের চাপ থেকে আপাতত স্বস্তিতে ফিরল বাংলাদেশ। কেননা, গত অর্থবছরে শেষ পর্যন্ত চলতি হিসাবের ভারসাম্যে উল্লেখযোগ্য পরিমাণ উদ্বৃত্তই হয়েছে। অথচ আশঙ্কা করা হচ্ছিল, অর্থবছর শেষে চলতি হিসাবের ভারসাম্য নেতিবাচক বা ঘাটতি পর্যায়ে উপনীত হবে। আর তা হলে ছয় বছর পর বাংলাদেশ আবার চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতিতে ফিরে যেত। শুধু তাই নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি প্রবেশ করত যমজ বা দ্বৈত ঘাটতিতে। অপর ঘাটতিটি হলো বাজেট ঘাটতি।তবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১০-১১ অর্থবছর শেষে চলতি হিসাবের ভারসাম্যে ১০৩ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। তার আগের বছর অর্থা ৎ ২০০৯-১০ অর্থবছরে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল ৩৭২ কোটি ৪০ লাখ ডলার।সে হিসেবে গত অর্থবছর বাংলাদেশের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এক-তৃতীয়াংশের বেশি হ্রাস পেয়েছে। চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। মোটা দাগে এটার উদ্বৃত্ত বোঝায়, নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায়, ঋণ করে সেই ঘাটতি পূরণ করতে হচ্ছে।পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছিল। তবে সর্বশেষ অর্থবছর অর্থা ৎ ২০১০-১১ অর্থবছরে গিয়ে তা কমে গেল।গত অর্থবছর মূলত আমদানি ব্যয় বেড়ে বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া ও প্রবাসী আয় কমে যাওয়ার প্রভাবে চলতি হিসাবে ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছিল। এই ঘাটতি ১০ থেকে ১৫ কোটি ডলারের মতো হতে পারে বলে প্রাক্কলন করা হয়।লেনদেনের ভারসাম্যের পূর্ণাঙ্গ উপাত্ত না পাওয়ায় এখনো জানা সম্ভব হয়নি যে, গত অর্থবছর পণ্য-বাণিজ্যে শেষ পর্যন্ত কী পরিমাণ ঘাটতি দেখা দিয়েছে। অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) এই ঘাটতির পরিমাণ ছিল ৭১০ কোটি ৩০ লাখ ডলার।তবে জুন মাসে এসে আমদানি ব্যয় আগের মাসগুলোর তুলনায় কমে যাওয়ায় সার্বিক বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে চাপ কিছুটা প্রশমিত হয়। গত অর্থবছর মে মাসেই আমদানি ব্যয় সবচেয়ে বেশি হয়েছে, যার পরিমাণ ৩২৯ কোটি ১৮ লাখ ডলার। তবে জুন মাসে এসে তা কমে হয়েছে ২৯১ কোটি ডলার। আর এপ্রিল মাসে আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ৩১৮ কোটি ৬১ লাখ ডলার।অন্যদিকে জুন মাসে রপ্তানি আয় মে মাসের তুলনায় সামান্য বাড়ে। মে মাসে যেখানে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ২২৯ কোটি ৫১ লাখ ডলার, সেখানে জুন মাসে তা বেড়ে হয় ২৩৩ কোটি ৯৫ লাখ ডলার। এর ফলে বছর শেষে আমদানি-রপ্তানিতে ব্যবধান কিছুটা হলেও কমে আসে।একইভাবে মে মাসের তুলনায় জুন মাসে প্রবাসী আয়ের প্রবাহ সামান্য বৃদ্ধি পায়, যা মোট প্রবাসী আয়কে বাড়িয়ে দিতে সহায়তা করা। এসব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় থাকে। এতে করে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সাময়িকভাবে সামান্য কমেছে। যোগাযোগ করা হলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘শেষ পর্যন্ত চলতি হিসাবের ভারসাম্য ইতিবাচক থাকা কিছুটা বিস্ময়করই বটে। তবে গত অর্থবছরের শেষার্ধে এসে বাংলাদেশ ব্যাংক যে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়, তার একটা সুফল হিসেবেই এটা দেখা উচিত।’আহসান মনসুর ব্যাখ্যা করে বলেন, উচ্চহারে আমদানিপ্রবণতা রোধ করতে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিরু ৎ সাহিত করা ও টাকা-ডলার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ায় আমদানি ব্যয়বহুল হয়ে পড়ে। এর ফলে আমদানি ঋণপত্র খোলার হারও খানিকটা কমে আসে। এর প্রভাবে চলতি ব্যয়ের জন্য চাপও কমে যায়।পিআরআইয়ের নির্বাহী পরিচালক অবশ্য মনে করেন, এই সাময়িক স্বস্তিতে বেশি তুষ্ট হওয়ার কোনো অবকাশ নেই। বরং বাংলাদেশ ব্যাংকের উচিত হবে, আরও কিছুদিন নিয়ন্ত্রণমূলক নীতি অব্যাহত রাখা। বিশেষত, উচ্চমূল্যস্ফীতি প্রশমন না করা পর্যন্ত এটি অব্যাহত রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।