শেষ পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি থাকছেই

সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে শেষ পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।
অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রাজস্ব আদায়ে চার হাজার ৮০০ কোটি টাকা ঘাটতি থাকায় এমন শঙ্কা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে রাজস্ব আদায় হয়েছে ৯২ হাজার ৮৯১ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৯৭ হাজার ৬৯১ কোটি টাকা।
তবে আগের অর্থবছরের জুলাই-মে সময়ের চেয়ে আলোচ্য সময়ে রাজস্ব আদায় বেড়েছে ১৫ দশমিক ১২ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৮০ হাজার ৬৮৯ কোটি টাকা।
১১ মাসে প্রায় পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি ঘাটতি থাকায় বছরের সার্বিক লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে শেষ মাস জুনে মোট রাজস্ব আয়ের পরিমাণ হতে হবে ২০ হাজার কোটি টাকা। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এযাবৎকালে কখনোই এক মাসে এতটা আদায় করতে পারেনি বলে সংস্থাটির কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।
বিদায়ী অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা।
এদিকে গতকাল সোমবার থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা।
আদায় পরিস্থিতি: সদ্য সমাপ্ত অর্থবছরের প্রথম ১১ মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক বাবদ আদায় হয়েছে ২৮ হাজার ৯৭১ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৮ হাজার ১৭১ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৮৪ শতাংশ।
তবে আমদানি পর্যায়ে গত মে মাসে আগের বছরের তুলনায় ৫০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। ওই মাসে আমদানি পর্যায়ে দুই হাজার ৬০৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
স্থানীয় পর্যায়ে সাধারণত মূসক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। জুলাই-মে সময়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৩৪ হাজার ২৫৪ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের ৩০ হাজার ৪০৮ কোটি টাকার চেয়ে ১২ কোটি ৬৫ লাখ টাকা বেশি।
তবে আলোচ্য ১১ মাসে আয়করসহ প্রত্যক্ষ কর খাতে আদায় হয়েছে ২৯ হাজার ৬৬৬ কোটি টাকা। এর মধ্যে আয়করের পরিমাণই ছিল ২৯ হাজার ১২৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২১ হাজার ৬৬৯ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৪২ শতাংশ।
এনবিআরের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের শুরুতে রাজস্ব আদায়ে যে প্রবৃদ্ধি ছিল, এখন আর সেই ধারা নেই। ফলে বছর শেষে রাজস্ব আদায়ে বেশ বড় ঘাটতিই থাকবে। অর্থবছরের দ্বিতীয়ার্ধে এসে রাজনৈতিক অস্থিরতা রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে বলে তাঁরা উল্লেখ করেন।
এদিকে সদ্যবিদায়ী অর্থবছরের আয়কর খাতেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়েছে। জুন মাস শেষে বিদায়ী অর্থবছরে এই খাতে আদায় হয়েছে ৩৬ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থবছরের লক্ষ্য ছিল ৩৬ হাজার ৩০০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ১৭২ কোটি টাকা বেশি আদায় হয়েছে। এছাড়া আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ২৯ শতাংশ।
তবে কাস্টমস ও মূসক খাতে রাজস্ব আদায়ের পরিমাণ চূড়ান্ত করতে আরও দুই সপ্তাহ সময় লাগবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।