শেষ বেলায় সূচক ঊর্ধ্বমুখী বেড়েছে লেনদেনও
শেষ দেড় ঘণ্টার লেনদেনে গতকাল বুধবার দিন শেষে নাটকীয় মোড় নিয়েছে শেয়ারবাজারের সূচক। এ সময় দুই বাজারের মূল্যসূচক বেড়েছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক দিন শেষে প্রায় ৮৯ পয়েন্ট বেড়ে আবারও চার হাজারের ওপরে উঠে এসেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে প্রায় ২৫৭ পয়েন্ট।অথচ লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক প্রায় ১৪৮ পয়েন্ট কমে নেমে এসেছিল তিন হাজার ৮৪১ পয়েন্টে। সেখান থেকে শেষ দেড় ঘণ্টার উত্থানে লেনদেন শেষে সূচক প্রায় ১৩১ পয়েন্ট বেড়ে যায়। যদিও দিন শেষে সমন্বয়ের পর ডিএসইর সাধারণ সূচকে যোগ হয়েছে ৮৯ পয়েন্ট।জানা গেছে, প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইতে সূচক প্রায় ১৫০ পয়েন্ট পড়ে যাওয়ার পর বাজারে শেয়ারের ক্রয় আদেশ হঠাৎ বেড়ে যায়। এতে সূচক দ্রুত ও একটানা বাড়তে শুরু করে। এ সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়ে যায়। অর্থ মন্ত্রণালয় থেকে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাজারে সক্রিয় হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে অনেক প্রতিষ্ঠান সক্রিয় হয়ে ওঠে। এতে বাজারে হঠাৎ করেই চাহিদা বেড়ে যায়। ফলে দাম বাড়তে শুরু করায় অনেক বিক্রেতাও শেষ পর্যন্ত বিক্রয় আদেশ প্রত্যাহার করে নেন। ডিএসই ও এসইসির সূত্রগুলো জানিয়েছে, বাজার দেড় শ পয়েন্টের মতো পড়ে গেলে তখন প্রাতিষ্ঠানিক কিছু বিনিয়োগকারী ক্রেতার ভূমিকায় অবতীর্ণ হয়। এমনকি গতকালের বাজারে ক্রেতা হিসেবে মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোরও বেশ সক্রিয় অংশগ্রহণ ছিল। জানা গেছে, দীর্ঘদিন ধরে মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা সক্রিয় নেই। বিষয়টি এসইসিরও নজরে আসে। এতে এসইসি ফান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কিছুটা নাখোশ হয়। এই অবস্থায় বাজারের সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে এলে মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে এসইসি শক্ত অবস্থান নেয়। আর তাই মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো গতকাল বাজারে সক্রিয় হয়ে ওঠে। এতে দুই বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। ঢাকার বাজারে গতকাল লেনদেন আবারও ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।কেনাবেচায় শীর্ষে যারা: ডিএসই ও এসইসি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রকৃত ক্রয়ের দিক থেকে গতকাল শীর্ষে ছিল আইডিএলসি সিকিউরিটিজ। গতকাল দিন শেষে এককভাবে প্রতিষ্ঠানটির প্রকৃত ক্রয়ের পরিমাণ ছিল আট কোটি ৭৫ লাখ টাকা। এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে সিটি ব্রোকারেজ, আইসিবি সিকিউরিটিজ, সালটা ক্যাপিটাল, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস। এদের মধ্যে সিটি ব্রোকারেজের প্রকৃত ক্রয়ের পরিমাণ ছয় কোটি ৩২ লাখ টাকা, আইসিবি সিকিউরিটিজের চার কোটি ১২ লাখ টাকা, সালটা ক্যাপিটালের তিন কোটি ৫৬ লাখ টাকা এবং এনসিসিবি সিকিউরিটিজের এক কোটি ৮৪ লাখ টাকা। প্রকৃত ক্রয়ের দিক থেকে গতকাল শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মোট ক্রয়ের পরিমাণ ছিল ২৬ কোটি টাকা।বিক্রয়ের দিক থেকে মঙ্গলবারের মতো গতকালও শীর্ষে ছিল লঙ্কাবাংলা সিকিউরিটিজ। একক প্রতিষ্ঠান হিসেবে গতকাল এটির প্রকৃত বিক্রয়ের পরিমাণ ছিল নয় কোটি ৬১ লাখ টাকা। গতকাল বুধবার বিক্রেতা হিসেবে শীর্ষ ১০-এর তালিকায় আরও ছিল: এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, এসসিএল সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, মশিউর সিকিউরিটিজ, ওয়াইফাং সিকিউরিটিজ, ইউনাইটেড ফিন্যান্স ট্রেডিং, ব্যাংক এশিয়া, ইস্টল্যান্ড সিকিউরিটিজ ও এপেক্স ইনভেস্টমেন্ট। এদের সম্মিলিত প্রকৃত বিক্রয়ের পরিমাণ ছিল প্রায় সাড়ে ১৭ কোটি টাকা।পূবালী ব্যাংক: শেয়ারবাজারে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংক। গতকাল ব্যাংকটির চেয়ারম্যান ও সাংসদ হাফিজ আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ব্যাংকটি তাদের নিজস্ব হিসাব ও সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ অব্যাহত রেখেছে। বাজারের বর্তমান অবস্থায় সেটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসইসি ও বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নিয়মনীতি অনুসরণ করে নতুন করে আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।