শেষ মাসে বাড়ল কৃষিঋণ বিতরণ, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মাসে বার্ষিক কৃষিঋণ বিতরণ ছিল লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ। কিন্তু ১২ মাসের হিসাবে অর্থাৎ গত অর্থবছরে (২০১১-১২) এই হার হঠাৎ করে বেড়ে ৯৫ শতাংশের ওপরে চলে গেছে। খাতা-কলমে ঋণ বিতরণ বেশ ভালো হলেও কৃষক পর্যায়ে আসলে এসব ঋণ বিতরণ হয়েছে কি না, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে জানা যায়, ২০১১-১২ অর্থবছরে কৃষি খাতে ১৩ হাজার ১৩৭ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। বিতরণ করা এই ঋণ মোট লক্ষ্যমাত্রার ৯৫ দশমিক ২০ শতাংশ। বার্ষিক লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৮০০ কোটি টাকা।এর আগের অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে এ খাতে বিতরণ করা হয়েছিল ১২ হাজার ১৮৪ কোটি টাকা, যা ছিল ওই বছরের লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৪৫ শতাংশ।প্রশ্ন দেখা দিয়েছে, গত অর্থবছরের ১১ মাস পর্যন্ত অর্থাৎ জুলাই-মে সময়ে যে হারে গড় ঋণ বিতরণ হয়েছে, তার তুলনায় শেষ মাসে বেশি ঋণ বিতরণ হওয়া নিয়ে।সূত্রগুলো বলছে, কৃষকের নতুন আবাদের জন্য মূলত ঋণের প্রয়োজন হয়। সেই হিসাবে অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুনে নতুন কৃষি আবাদ তেমন হয় না। এতে করে কৃষিতে নতুন ঋণের চাহিদা কম থাকে, যে কারণে অন্য বছরগুলোতে মাঝামাঝি সময় বেশি ঋণ বিতরণ হয়। এবার বিতরণ করা ঋণের বড় একটি অংশ দেখানো হয়েছে জুন মাসে। শুধু জুনেই ব্যাংকগুলো এক হাজার ৬৮৪ কোটি টাকা বিতরণ দেখিয়েছে। এই হার মোট বিতরণ করা ঋণের ১৩ শতাংশ। তাই এটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা অবশ্য বলছেন, অগ্রাধিকার খাত হিসেবে কৃষি খাতে বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর মোট ঋণের কমপক্ষে আড়াই শতাংশ বিতরণের শর্ত রয়েছে। তা মেটাতেই বেশির ভাগ ব্যাংক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শেষ মাসে একটু বেশি ঋণ বিতরণ করেছে। তিনি আরও বলেন, নগদ অর্থের টানাটানি থাকায় বছরের শুরুতে কৃষি খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোর আগ্রহ কম ছিল। কিন্তু শেষের দিকে এসে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নে মনোযোগী হয় ব্যাংকগুলো। এতে ঋণ বিতরণে অগ্রগতিও হয় এবং পুরোটাই প্রকৃত কৃষিতে গেছে বলে দাবি করেন ওই কর্মকর্তা।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১০-১১ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৬১৭ কোটি টাকা। এর মধ্যে ১১ মাসে বিতরণ হয়েছিল ১০ হাজার ৫৩৩ কোটি টাকা, যা ছিল ওই বছরের মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। তার পরও গত অর্থবছর শেষে মোট লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৪৫ শতাংশ ঋণ বিতরণ হয়েছিল। তার আগের বছরগুলোতেও ছিল একই চিত্র।এদিকে নতুন ২০১২-১৩ অর্থবছরের জন্য কৃষি খাতে লক্ষ্যমাত্রা ১৪ হাজার ১৩০ কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন বছরের কৃষিঋণ নীতিমালা ঘোষণার কথা রয়েছে। এবারের নীতিমালায় পাট, পাম, সেচকাজে সৌরশক্তি ব্যবহারের ব্যাপারে গুরুত্বারোপ করা হবে। পাশাপাশি কমলা, আগর, পান, ভুট্টা, মধু, স্ট্রবেরিতে ঋণ বিতরণ বাড়ানোর কৌশল করা হবে। একই সঙ্গে আমদানি বিকল্প ফসল তথা আদা, হলুদসহ মসলাজাতীয় ফসল চাষে কৃষকদের উৎসাহ দিতে রেয়াতি সুদে ঋণ বিতরণ অব্যাহত থাকবে। তা ছাড়া ঋণের বিষয়ে আরও স্বচ্ছতার জন্য এবার এনজিও লিংকেজে বিতরণ করা ঋণের বিস্তারিত তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হবে বলে জানা গেছে।