শেষ মুহূর্তে আয়কর বিবরণী দাখিল করার চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর আয়করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল রোববার। আয়কর বিভাগের মাঠপর্যায়ের বিভিন্ন সার্কেল অফিসে তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে করদাতাদের ভিড় পরিলক্ষিত হয়।নানা কাজের চাপে ব্যস্ত থাকায় শেষ মুহূর্তে অনেকে তাঁদের বার্ষিক বিবরণী জমা দিতে কর অফিসগুলোতে ভিড় জমিয়েছেন।শেষ দিনে রাজধানীর বিশেষ করে সেগুনবাগিচা ও পল্টন অঞ্চলের কর অফিসগুলোতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। সারা দিনই ছিল করদাতাদের ভিড়, কর কর্মকর্তা-কর্মচারীদের তোড়জোড়ও ছিল দেখার মতো।গতকাল দুপুরে সেগুনবাগিচায় অবস্থিত কর অঞ্চল-৭-এর কার্যালয়ে গিয়ে দেখা যায়, বহু করদাতা তাঁদের বার্ষিক বিবরণী ফরম পূরণ করে তা জমা দিচ্ছেন। বিবরণী জমা নিয়ে ছোটখাটো লাইনও দেখা গেছে।বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাকির হোসেন নামে এক করদাতা বলেন, নানা কাজে ব্যস্ত থাকায় শেষ মুহূর্তে এসে বিবরণী জমা দিতে হচ্ছে। তবে এবার কোনো হয়রানি হতে হয়নি। সহজেই তিনি বিবরণী জমা দিয়েছেন। আগামী বছর আর শেষ মুহূর্তে নয়, নির্ধারিত সময়ের অনেক আগেই বিবরণী জমা দেবেন বলেও জানান তিনি।এই কর অঞ্চলের একজন ঊর্ধ্বতন কর কর্মকর্তা প্রথম আলোকে জানান, ‘এবারও শেষ দিনে বেশ ভিড় হয়েছে। তবে কোনো করদাতা যদি নির্ধারিত সময়ে বিবরণী জমা দিতে না পারেন, তাহলে যৌক্তিক কারণ দেখিয়ে সময় বাড়িয়ে নিতে পারবেন।’একই চিত্র কাকরাইল, পল্টন ও সেগুনবাগিচার অন্য কর অফিসগুলোতেও। শেষ দিন হওয়ায় বিবরণী জমা নেওয়ার জন্য গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ ব্যবস্থায় রাত আটটা পর্যন্ত সার্কেল অফিসগুলো খোলা রাখে।এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) এম এ কাদের সরকার গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদককে জানান, দ্বিতীয় দফা সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। তবে শেষ দিনে বেশ ভিড় ছিল। সন্ধ্যার দিকে বৈতনিক সার্কেলের করদাতারা গোষ্ঠীবদ্ধ হয়ে অনেক বিবরণী জমা দিয়েছেন।২ অক্টোবর বিবরণী জমার নিয়মিত সময়সীমা শেষ হয়েছে। এরপর এনবিআর বিশেষ বিবেচনায় ১৬ অক্টোবর পর্যন্ত সময় বাড়ায়। গত বছর নয় লাখ দুই হাজার পাঁচজন টিআইএনধারী বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছিলেন।