শেষ মুহূর্তে পঞ্চগড়ে ঈদের বাজার জমে উঠেছে
শেষ মুহূর্তে পঞ্চগড়ে ঈদের বাজার জমে উঠেছে। জেলা ও উপজেলা সদরের অভিজাত বিপণিবিতানগুলোতে নতুন নতুন ফ্যাশনের বিভিন্ন ব্র্যান্ডের নিত্যনতুন কাপড়ের সমাহার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানিরা। সব শ্রেণীর ক্রেতার চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে দোকানিরা তাঁদের পসরা সাজিয়েছেন।প্রতিটি দোকানে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের শাড়ি, থ্রি-পিস, শার্ট-প্যান্টসহ ছোট ছেলেমেয়েদের কাপড়ের সমাহার ঘটাতে যেন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন তাঁরা। ফলে নিত্যনতুন পোশাকে ইতিমধ্যে ভরে গেছে প্রতিটি বিপণিবিতান। তবে আয়ের সঙ্গে তাল মিলিয়ে সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে অধিকাংশ ক্রেতাই হিমশিম খাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, এবার ঈদের শাড়ির বাজার গরম করে রেখেছে ভারতীয় সিনেমা ও টিভি চ্যানেলের খ্যাতিমান তারকাদের নামযুক্ত পণ্যগুলো। ক্রেতারাও পছন্দ করেছেন এসব পণ্য। শহরের অভিজাত বিপণিবিতান বিশেষ করে সেন্ট্রাল প্লাজা, এইচকে প্লাজা, হাজি ইব্রাহিম সুপার মার্কেট, মহসীন মার্কেট, গার্মেন্টস মার্কেট, কাপড়পট্টি, তামিজউদ্দিন মার্কেট, গাউছিয়া মার্কেট, চৌধুরী মার্কেট, সততা মার্কেট, হাজি ম্যানশন মার্কেট, আলোছায়া সুপার মার্কেটের বিক্রেতারা জানিয়েছেন, খ্যাতিমান তারকাদের নামে বাজারে আসা কাপড়গুলোর শীর্ষে রয়েছে গোপী, রাসী, সোহানা, জেরিন খান, হিরোইন কারিনা, ক্যাটরিনা, সাকিরা, বেহুলা ইত্যাদি। এ ছাড়া রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায় আই লাভ ইউ, সিঙ্গাম, লাভাস্কাল, মাসাককালি, ধুম, অনলাইন, সীমার প্রভৃতি ব্র্যান্ডের কাপড়।প্রতিবারের মতো এবারও মহিলা এবং তরুণীদের আকৃষ্ট করতে নামীদামি ব্র্যান্ডের কাপড়ের সমাহার ঘটিয়েছেন দোকানিরা। সর্বোচ্চ ৫০ হাজার থেকে সর্বনিম্ন দুই হাজার টাকা মূল্যের হাল ফ্যাশনের শাড়ি থরে থরে সাজানো রয়েছে প্রতিটি দোকানে।নিম্ন আয়ের ক্রেতাদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে ৩০০ থেকে ৪০০ টাকা মূল্যের শাড়িও রয়েছে হাতের কাছে। হাতের কাজ করা চুনরি শাড়ির ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে।ইসলাম ক্লথ স্টোরের নুর ইসলাম জানান, ক্রেতাদের চাহিদা মেটাতে হাল ফ্যাশনের কাপড়ের সরবরাহ নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করেছেন তাঁরা। এ ছাড়া মধ্যম আয়ের ক্রেতাদের চাহিদা মেটাতে পাঁচ হাজার থেকে ১১ হাজার টাকা মূল্যের শাড়িও সহজলভ্য রয়েছে।তরুণীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে হিরোইন কারিনা, ডিঙ্গাচিকা, চুনরি, পাগলু, মুন্নি, লিংকাচিকা, লেহেঙ্গা ও রেডি শাড়ি। মেয়েদের চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে এবার হাল ফ্যাশনের টু-পিস ও থ্রি-পিসের মধ্যে ব্র্যান্ড আইটেম পাওয়া যাচ্ছে আট হাজার থেকে ২২ হাজার টাকার মধ্যে। নেটের ওপর স্টোনের কাজ করা শেরওয়ানিসহ ফোর-পিস হিরোইন কারিনা ২২ হাজার ৫০০ টাকা, নেটের ওপর স্টোনের কাজ করা লাভাস্কাল ১৫ হাজার ৬০০ টাকা, আই লাভ ইউ ১২ হাজার ৫০০ টাকা, সিঙ্গাম আট হাজার ৯০০ টাকা ও ঘটি হাতার মাসাককালি এক হাজার ২০০ থেকে চার হাজার টাকা দাম হাঁকা হচ্ছে।ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার মূল্যভেদে কাপড়ের দাম ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। ফলে বিত্তশালীরা তাঁদের আয় দিয়ে ঈদের কেনাকাটা করতে পারলেও নিম্নবিত্তের মানুষ তাঁদের আয়ের সঙ্গে তাল মিলিয়ে ঈদের কেনাকাটায় বড় ধরনের ধাক্কা খাচ্ছেন। ঈদের কাপড় কিনতে আসা রোকেয়া পারভিন ও লাকী আক্তার বলেন, ‘বাজারে অনেক কাপড় এসেছে। কিন্তু দাম একটু বেশি হাঁকাচ্ছেন দোকানিরা। তাই ইচ্ছা থকলেও পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারব কি না, চিন্তায় আছি।’এ ব্যাপারে আলিম ক্লথ স্টোরের মালিক ও পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আবদুল আলিম খান বলেন, ‘আমরা চেষ্টা করছি, সবাই যেন সাধ্যের মধ্যে কাপড় কিনে নিতে পারেন। সেভাবেই আমরা কাপড়ের সমাহার ঘটিয়েছি। তা ছাড়া বেশি দাম নেওয়ার সুযোগ নেই। কারণ, প্রতিযোগিতামূলক বাজারে এটা সম্ভব নয়।’