শেষ মুহূর্তে ময়মনসিংহের ঈদবাজারে মানুষের ঢল
শেষ মুহূর্তে এসে ঈদের কেনাকাটার জন্য ময়মনসিংহ শহরজুড়ে মানুষের ঢল নেমেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষের সমাগমে শহরের কোনো কোনো এলাকায় রিকশা চলাচলও বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন।শহরের প্রথম চলন্ত সিঁড়ির মার্কেট মফিজউদ্দিন ইনডেক্স প্লাজা, মিল্লাত শপিং কমপ্লেক্স, শরীফ ম্যানশন, সরকার ম্যানশন, আসাদ মার্কেট, বারী প্লাজা, পালিকা শপিং কমপ্লেক্স, হেরা ট্রেড সেন্টার, আশরাফ মার্কেট, হকার্স মার্কেট, বাসাবাড়ী মার্কেট, বাটা বাজার, আজাদ ফুটওয়্যার ও ইম্পেরিয়াল মার্কেটে সরেজমিন গিয়ে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ফুটপাতের দোকানগুলোতেও চলছে একই অবস্থা।ক্রেতাদের সঙ্গে আলাপ করতেই তাঁরা ব্যবসায়ীদের বিরুদ্ধে গতবারের চেয়ে অনেক বেশি দাম আদায়ের অভিযোগ তোলেন।অবশ্য ব্যবসায়ীরাও তা স্বীকার করে বলেন, এবার দ্রব্যমূল্য বেশি হওয়ায় গতবারের তুলনায় প্রথম দিকে বেচাকেনা কম হলেও শেষ মুহূর্তে বেড়ে গেছে।মফিজউদ্দিন ইনডেক্স প্লাজার গ্রেইস গ্যালারিয়ার মালিক এখলাস উদ্দিন খান জানান, গতবারের চেয়ে এবারে ক্রেতা বেশি, বিক্রিও বেশি।সরকার ম্যানশনের বিনিময় প্রসাধনীর বিক্রয়কর্মী হাবিবুর রহমান জানান, দাম বেশি হওয়ায় প্রথম দিকে বেচাবিক্রি কম হয়েছে। তবে গত কয়েক দিনে আবার বেড়ে গেছে। বারী প্লাজার তৈরি পোশাকের দোকান প্রিয়াংকার মালিক মো. জামালউদ্দিন স্বপন জানান, তাঁরা ৫০০ থেকে আড়াই হাজার টাকা দামে শার্ট ও ৪০০ থেকে এক হাজার ৮০০ টাকায় প্যান্ট বিক্রি করছেন। বিক্রিও ভালো।হেরা ট্রেড সেন্টারে স্কাইটাচ শাড়ি কুটিরের মালিক মো. খায়রুল ইসলাম জানান, তাঁর দোকানে ভারতীয় জর্জেট, মসলিন ও নেট শাড়ি বেশি বিক্রি হচ্ছে। এসব শাড়ির দাম তিন হাজার থেকে ১২ হাজার টাকা।আজাদ ফুটওয়্যারের ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, দেশি-বিদেশি উভয় ধরনের জুতো বেশ বিক্রি হচ্ছে।মফিজউদ্দিন ইনডেক্স প্লাজায় সপরিবারে কেনাকাটা করতে আসা কানাডা-প্রবাসী আবদুল আজিজ জানান, আট বছর পরে তিনি দেশে ঈদ করছেন। রাতের বেলাতেও ময়মনসিংহ শহরে বিপুলসংখ্যক মানুষকে ঈদের কেনাকাটা করতে দেখে তিনি অভিভূত বলে উল্লেখ করেন।বারী প্লাজায় গৃহিণী সাহানা জামিল জানান, আগে সব দেখে রেখেছিলেন। একবারে এসে কিনে নিয়ে গেলেন। একই জায়গায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই সহপাঠিনী তানিয়া আবরার ও সারাহ হক ক্ষোভের সঙ্গে বলেন, দোকানিরা পোশাকের দাম বাড়িয়ে দিয়েছেন। একটি বেসরকারি কলেজের শিক্ষিকা আফসিয়া রহমানও অভিযোগ করে বলেন, গতবারের চেয়ে এবারে এমনিতেই দাম অনেক বেশি। এর ওপর দোকানদাররা গত কয়েক দিনে সব ধরনের পণ্যের দাম আরও বাড়িয়েছেন।