শেষ মুহূর্তে সূচক কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। শুরু থেকে ইতিবাচক প্রবণতা থাকলেও শেষ মুহূর্তে দুই স্টক এক্সচেঞ্জে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক। তবে দিন শেষে লেনদেন বাড়ে দুই বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ১২ পয়েন্ট

দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা দুইটা পর্যন্ত ইতিবাচক প্রবণতায় লেনদেন চলে। দুইটার পর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৫টির দাম কমেছে, বেড়েছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৫১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৯৮ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৪১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৪৩ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২৭ পয়েন্টে।

সিএসইতে আজ ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৯টির দাম কমেছে, বেড়েছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল, বিএসসিসিএল, গ্রামীণফোন, সিঙ্গার বিডি, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, বিএসসি প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।