শেষ মুহূর্তের লেনদেনে সূচক কমল
সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ রোববার দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারেই।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা আজ বেশির ভাগ কোম্পানি শেয়ারের দাম কমে যাওয়াকে স্বাভাবিক মূল্যসংশোধন হিসেবে দেখছেন। তাঁরা বলেছেন, আজ দিনের শুরুতে বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এই সুযোগে গত সপ্তাহে যাঁরা অপেক্ষাকৃত কম দামে শেয়ার কিনেছিলেন, তাঁদের অনেকের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা ছিল। এটিই মূল্যসংশোধনের অন্যতম কারণ বলে তাঁরা মনে করছেন। এর মধ্যেই লেনদেন বাড়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৪১ পয়েন্টে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত এ অবস্থায় লেনদেন চলে। এর পর থেকে সূচক বাড়ার হার কমতে থাকে। শেষ ঘণ্টার লেনদেনে সূচকের নিম্নমুখী প্রবণতা ত্বরান্বিত হয়; এমনকি এই প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।ডিএসইতে আজ মোট ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টির দাম কমেছে; বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৮ কোটি টাকার, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৭৭ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, গ্রামীণফোন, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, তিতাস গ্যাস, মালেক স্পিনিং, সায়হাম কটন, তাল্লু স্পিনিং প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৯ পয়েন্ট কমে ১৩ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টির দাম কমেছে; বেড়েছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।