শেষ সপ্তাহে ঢাকা বাণিজ্য মেলা
শেষ সপ্তাহে প্রবেশ করল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তাই এখন সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে সব বয়সী ক্রেতার পদচারণে মুখর মেলা প্রাঙ্গণ।মেলার ২৪তম দিন গতকাল মঙ্গলবার সকালে ক্রেতাদের ভিড় একটু কম থাকলেও দুপুরের পর থেকেই তা বাড়তে থাকে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ মোটামুটি জনসমুদ্রে পরিণত হয়। মেলায় অংশ নেওয়া একাধিক ব্যবসায়ী সন্তোষ প্রকাশ করে বলেন, এবার মেলা শুরুর প্রথম থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম ভালো হওয়ায় বেচা-বিক্রি গতবারের চেয়ে বেশি হয়েছে। সামনের শুক্র ও শনিবার এই ভিড় আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা।আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) নির্ধারিত দিনেই মাসব্যাপী এই বাণিজ্য মেলা শেষ হচ্ছে। এখন পর্যন্ত মেলার সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা কর্তৃপক্ষের নেই। মেলা আয়োজক কমিটির সদস্যসচিব সৈয়দ বেলাল হোসেন বলেন, ‘আপাতত এ ধরনের কোনো চিন্তাভাবনা নেই।’রাজধানীর শেরেবাংলা নগরে এবারের মেলায় সব মিলিয়ে স্টল আছে ৫০৬টি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলছে। এতে প্রাপ্তবয়স্কদের জন্য ২০ ও শিশুদের জন্য ১০ টাকা প্রবেশমূল্য ধরা হয়েছে।মেলা আয়োজক কমিটি জানায়, রান্নাঘর অপরিচ্ছন্ন থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করার অভিযোগে মেলায় অংশ নেওয়া তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে ব্যবসা করার অভিযোগে ৯ ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।