শেষ সময়ে আর্থিক খাতের কিছু অধ্যাদেশ নিয়ে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরের বেশি সময় আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সামরিক শাসনামলে জারি করা আর্থিক খাতের বেশ কিছু অধ্যাদেশ বাতিল করেন। বাতিল হওয়া অধ্যাদেশের মধ্যে প্রজাতন্ত্রের কর্মের ধারাবাহিকতা রক্ষা, আইনের শাসন ও জনগণের আইনানুগ অধিকার এবং জনস্বার্থে বেশ কিছু অধ্যাদেশ চালু রাখা প্রয়োজন। এ জন্য ইতিমধ্যে রাষ্ট্রপতি দুটি অধ্যাদেশ সংসদে উত্থাপনও করেছেন। নিয়মানুযায়ী, রাষ্ট্রপতির অধ্যাদেশ দুটি ৩০ দিনের মধ্যে পাস করতে হয়। সেই সময়সীমাও ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। আর শেষ সময়ে এসে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো তৎপরতা শুরু করেছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার ডাকা হয়েছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক।এদিকে নির্ধারিত সময়ের মধ্যে সংসদে এ দুটি অধ্যাদেশ পাস করা না হলে আয়কর অধ্যাদেশের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক ও শিল্পঋণ সংস্থা (দুটি মিলে এখন বিডিবিএল), হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-সংক্রান্ত ৩৪টি অধ্যাদেশের কার্যকারিতা বাতিল হয়ে যাবে। আর তা হলে কিছু প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হবে। আর কিছু আংশিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর মধ্যে পুরোপুরি কার্যক্রম বন্ধ হয়ে যাবে আয়কর বিভাগ, গ্রামীণ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের। বাকি প্রতিষ্ঠানগুলো আংশিকভাবে কার্যক্রম চালাতে পারবে।প্রসঙ্গত, আদালত যেসব অধ্যাদেশ বাতিল করেছেন, সেগুলো ১৯৭৫ সালের ২০ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল এবং ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত সামরিক শাসনের সময়কালে জারি হয়েছিল। অবশ্য আদালতের রায়ে আর্থিক খাতসহ মোট ৫৭৩টি অধ্যাদেশ কার্যকারিতা হারায়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৫ ফেব্রুয়ারি আইন ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক জাতীয় রাজস্ব বোডের্র (এনবিআর) চেয়ারম্যান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, কার্যকারিতা হারানোর তালিকায় থাকা কোনো অধ্যাদেশ আইনে পরিণত করতে ২৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের বিভাগের নিরীক্ষাসহ মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন ও বিল আকারে সংসদে উত্থাপন করতে হবে। এই সময়ের মধ্যে তা সংসদে পাস করার বাধ্যবাধকতাও রয়েছে। না হলে কোনো অধ্যাদেশ তার কার্যকারিতা হারালে সৃষ্টি হবে আইনি শূন্যতা ও জটিলতা। এতে জনস্বার্থ বিঘ্নিত হতে পারে। এদিকে এই চিঠি পাওয়ার পর গত মঙ্গলবার সব সদস্যকে নিয়ে বৈঠক করেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। বৈঠকে নতুন আয়কর আইনের খসড়া চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। জানতে চাইলে এনবিআরের সদস্য (করনীতি) সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে বলেন, আয়কর আইনের খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব খসড়াটি চূড়ান্ত করে সংসদে পাঠানো হবে। তাঁর মতে, যেহেতু অধ্যাদেশটির কার্যকারিতা ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে, তাই এর আগেই একটি বিকল্প ব্যবস্থা করতে হবে।২০১১ সালের জানুয়ারি মাসে প্রত্যক্ষ কর আইন নামে আয়কর আইনের খসড়া প্রকাশ করে এনবিআর। চলতি অর্থবছর থেকে আয়কর আইন কার্যকর করার কথা থাকলেও তা জাতীয় সংসদে অনুমোদনের জন্য উত্থাপন করা সম্ভব হয়নি। আগামী ২০১৩-১৪ অর্থবছর থেকে এই আইন কার্যকর করার নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, যেকোনো আইন সংসদে পাস হওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে চূড়ান্ত করার রেওয়াজ রয়েছে। কিন্তু এত অল্প সময়ে এই খসড়া আইনের ওপর মতামত নেওয়া প্রায় অসম্ভব।আয়কর আইনের খসড়ায় ২২টি অনুচ্ছেদ ও ২৪৬টি ধারা রয়েছে। অনুচ্ছেদগুলোতে আয়ের খাত, ক্ষতির খাত, আয়কর প্রশাসন, অগ্রিম আয়কর, সম্পদ কর, ভ্রমণ কর, দণ্ড, বিকল্প নিষ্পত্তি বিধি, দ্বৈত কর পরিহারসহ বিভিন্ন বিষয় হয়েছে।আদালতের রায়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কার্যকারিতা হারানো অধ্যাদেশের সংখ্যা ৩৩টি। এই বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এত অল্প সময়ে নতুন আইন প্রণয়ন সম্ভব নয়। এ জন্য রাষ্ট্রপতির দুটি অধ্যাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।