শেষ হলো তিন দিনের মোটর ও বাইক শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দশমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী মোটর গাড়ি প্রদর্শনী গতকাল শনিবার শেষ হয়েছে। সমাপনী দিনে প্রচুর দর্শনার্থী প্রদর্শনীতে আসেন। তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে নানা মডেলের গাড়ি দেখেন এবং দামদরের খোঁজখবর নেন।
আয়োজকেরা জানান, সমাপনী দিনে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী এলাকায় অনুষ্ঠিত হয় ‘র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ ২০১৫’। এতে ৩৭ জন প্রতিযোগী অংশ নেন। প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় দুজন নারী চালকও অংশ নেন। প্রতিযোগীদের মধ্য থেকে বিভিন্ন শ্রেণিতে ১৮ জনকে পুরস্কৃত করা হয়।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া সমাপনী দিনে আয়োজন করা হয় র্যাফল ড্র।
ঢাকার জোয়ার সাহারার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে গত বৃহস্পতিবার দশম ‘ঢাকা মোটর শো ২০১৫’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়। মোটর শোর পাশাপাশি এই আয়োজনে ছিল ‘ঢাকা বাইক শো’ শীর্ষক মোটরসাইকেলের প্রদর্শনী। বেসরকারি প্রতিষ্ঠান সেমস গ্লোবাল আয়োজিত তিন দিনের এ প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক ছিল নিটল-নিলয় গ্রুপ।
প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশ, ভারত, চীন, জাপান, মালয়েশিয়া, কোরিয়াসহ ১৪টি দেশের ৪০টির বেশি প্রতিষ্ঠান তিন শতাধিক স্টলে অংশ নেয়। তারা গাড়ি, মোটরসাইকেল, লুব্রিকেন্ট, সিএনজি রূপান্তরসহ বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রাংশ প্রদর্শন করে।