শেষ হলো মার্কিন পণ্যের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকার মার্কিন দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত ‘২৪তম ইউএস ট্রেড শো’র শেষ দিনে গতকাল শনিবার বিভিন্ন পণ্য–সেবার খোঁজখবর নেন দর্শনাথীরা l প্রথম আলো
রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকার মার্কিন দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত ‘২৪তম ইউএস ট্রেড শো’র শেষ দিনে গতকাল শনিবার বিভিন্ন পণ্য–সেবার খোঁজখবর নেন দর্শনাথীরা l প্রথম আলো

ফোর্ডের মোটরগাড়ি থেকে এইচপির কম্পিউটার, পেপসি থেকে কোকা-কোলা—মার্কিন যুক্তরাষ্ট্রের এসব ব্র্যান্ডের পণ্যের সুনাম বিশ্বজোড়া। নামকরা এই পণ্যের সমাহার নিয়ে ঢাকায় বসেছিল ‘২৪তম ইউএস ট্রেড শো’।
বহুজাতিক ব্র্যান্ডের পণ্য ও সেবার প্রতি সব সময়ই একটু বেশি আগ্রহ থাকে বাংলাদেশিদের। আর মার্কিন পণ্যের প্রদর্শনী হওয়ায় ইউএস ট্রেড শোকে ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ আরেকটু বেশি থাকে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এ প্রদর্শনীতেও এর ব্যতিক্রম হয়নি। ঢাকার মার্কিন দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচ্যাম) যৌথ আয়োজনে অনুষ্ঠিত আয়োজিত এ মেলার শেষ দিন ছিল গতকাল শনিবার। সকালের দিকে একটু কম হলেও ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে বিকেলে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। সরেজমিনে গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
মেলায় এইচপি ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ, কম্পিউটার, ওয়ার্কস্টেশন, প্রিন্টার, স্ক্যানার, মনিটরের সমাহার নিয়ে অংশ নেয় স্মার্ট টেকনোলজিস। প্রতিষ্ঠানটি বাংলাদেশের এইচপির পণ্য আমদানি করে থাকে। মেলা উপলক্ষে নির্দিষ্ট মডেলের কম্পিউটার ও ল্যাপটপে নগদ অর্থ ছাড়ের পাশাপাশি মাউস, হেডফোন, স্পিকার উপহার হিসেবে ক্রেতাদের দেয় প্রতিষ্ঠানটি।
শিশুদের লোশন, সাবান ও তেলের জন্য বিখ্যাত জনসন অ্যান্ড জনসনের পণ্য নিয়ে মেলায় অংশ নেয় বেস্ট করপোরেশন। জনসনের বিভিন্ন পণ্য সরাসরি আমদানি করা এ প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মেলায় ক্রেতাদের ১২ শতাংশ মূল্য ছাড়ে পণ্য বিক্রি করা হচ্ছে। পাইকারি ক্রেতারা আমাদের থেকে পণ্য নিলে যে ছাড় পান, সেটাই মেলায় আমরা সরাসরি ক্রেতাদের দিচ্ছি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি স্বাস্থ্য প্রকল্পে সফটওয়্যারভিত্তিক তথ্য সংরক্ষণের কাজ পেয়েছে বাংলাদেশের টাইগার আইটি নামের তথ্যপ্রযুক্তিভিত্তিক (আইটি) একটি প্রতিষ্ঠান। নিজেদের সেই সাফল্যের গল্প প্রচারের জন্যই মেলায় অংশ নেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা ফিরোজ–উল–আমিন। দেশে ছবিযুক্ত ভোটার তালিকা, ড্রাইভিং লাইসেন্সের তথ্যভান্ডার তৈরির পাশাপাশি নেপাল, তাজিকিস্তান, মালদোভায় আইটিভিত্তিক কয়েকটি প্রকল্পে টাইগার আইটি কাজ করছে বলে জানান তিনি।
এবারের প্রদর্শনীতে মোট ৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়। ২০ টাকার টিকিট কেটে মেলায় প্রবেশের সুযোগের সঙ্গে ক্রেতা আকর্ষণে বাড়তি আকর্ষণ ছিল র্যাফেল ড্রর আয়োজন। এতে প্রথম পুরস্কার ছিল ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা বিমানের টিকিট, দ্বিতীয় পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা ও তৃতীয় পুরস্কার দুজনের ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের টিকিট। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।