শেষ হলো আয়কর বিবরণী জমার সময়
ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত এই বিবরণী জমা নেওয়া হয়েছে। তবে এর আগে দুই দফা সময় বাড়ানো হয়েছে।অবশ্য আয়কর অধ্যাদেশে যেসব কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) বিবরণী জমা দিতে পারেননি, তাঁদের জরিমানাসহ রিটার্ন দেওয়ার বিধান রাখা হয়েছে। তাই গতকাল পর্যন্ত বিবরণী জমাদানে ব্যর্থ টিআইএনধারীরা প্রথমে গত অর্থবছরে যে পরিমাণ আয়কর দিয়েছেন, তার ১০ শতাংশ বা এক হাজার টাকার মধ্যে যেটা বেশি, সেই পরিমাণ অর্থ জরিমানা হিসেবে প্রদান করে বিবরণী জমা দিতে পারবেন। তবে প্রতিদিনের বিলম্বের জন্য ৫০ টাকা করে বাড়তি জরিমানা গুনতে হবে।অবশ্য সরকারি কর্মকর্তারা লিয়েনে কিংবা শিক্ষা ছুটিতে থাকলে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে জানা গেছে, গত বুধবার পর্যন্ত সাত লাখ ৯৬ হাজার ২৬৩ জন টিআইএনধারী তাঁদের বিবরণী জমা দিয়েছেন। এতে আয়কর আদায় হয়েছে প্রায় এক হাজার ৬৮৪ কোটি টাকা। গতকাল সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ দিনের হিসাব পাওয়া যায়নি। এদিকে গতকালও অনেক করদাতা তাঁদের কর অধিক্ষেত্র খুঁজে পাননি বলে জানান।এতে তাঁরা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। কর অঞ্চল পুনর্বিন্যাস করায় অনেকের অধিক্ষেত্র পরিবর্তন হয়ে গেছে।