শেয়ারবাজারের বর্তমান বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণ এবং বাজারে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে ১৬ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ শেয়ার ইনভেস্টর ওয়েলফেয়ার ক্লাব।আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি আহম্মেদ উল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি আবু হান্নান, সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জুয়েল, উপদেষ্টা শেখ সেলিম, আতাই গাজী মাহবুব, হারুনুর রশিদ, মহিউদ্দিন আহমেদ, খান মাসুদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।সংগঠনটির পক্ষ থেকে প্রস্তাবিত দাবির মধ্যে রয়েছে, বাজারে অপ্রদর্শিত টাকা বিনিয়োগের সুযোগ প্রদান, ব্যাংকের সিআরআর এবং এসএলআর আগের অবস্থায় ফিরিয়ে আনা, বাজার থেকে মার্চেন্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা পুনরায় বাজারে বিনিয়োগে বাধ্য করা, বাজেটে প্রণোদনা প্রদান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজার পতনের সময় শেয়ার বিক্রি করতে না দেওয়া, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ফোর্স সেল বন্ধ করা, বিনিয়োগকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, করপোরেট কমিশন বাড়ানোর সিদ্ধান্ত বাতিল প্রভৃতি।পুঁজিবাজারে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হলে আগামী ১ জুলাই থেকে সারা দেশে ঐক্যবদ্ধ আন্দোলনের হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।