শেয়ার কারসাজির আরেক মামলায় দুজনের কারাদণ্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন পুঁজিবাজার-বিষয়ক মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। গতকাল বুধবার ট্রাইব্যুনালের বিচারক হুশমায়ূন কবির এ রায় ঘোষণা করেন।
রায়ে অভিযুক্ত দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড ও ১৫ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকার স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস সিকিউরিটিজ প্রমোশন অ্যান্ড ম্যানেজমেন্টের (এসপিএম) চেয়ারম্যান শেলি রহমান ও প্রতিষ্ঠানটির গ্রাহক সৈয়দ মহিবুর রহমান। বর্তমানে ডিএসইতে এসপিএম ব্রোকারেজ হাউসটির কোনো অস্তিত্ব নেই। হাতবদল হয়ে সেটি এখন অন্যের মালিকানায়। আর শেয়ারবাজার-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুই আসামিও দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন।
বিশেষ ট্রাইব্যুনালে আসামিদের অনুপস্থিতির কারণে তাঁদের পলাতক দেখিয়ে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে রায়ের কার্যকারিতা শুরু হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালে নিযুক্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী মাসুদ রানা খান।
২০০৪ সালে বিএসইসি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কারসাজির এ মামলা করে। এর আগে বিএসইসির পক্ষ থেকেই এ কারসাজির ঘটনা তদন্ত করা হয়। তাতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে আইন লঙ্ঘন করে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়ে আসে। আর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণসহ অন্যান্য বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল সেটির রায় ঘোষণা করা হয়।
শেয়ারবাজারের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হয় আলাদা ট্রাইব্যুনাল। গত বছরের জুনে এ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করে। গতকালের রায়সহ এ নিয়ে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল শেয়ারবাজার-সংক্রান্ত ছয়টি মামলার রায় ঘোষণা করেছে। প্রথম মামলার রায় ঘোষণা করা হয় গত বছরের ৩ আগস্ট। ওই রায়ে শেয়ারবাজারে গুজব ছড়ানোর দায়ে প্রিমিয়ার ব্যাংক ব্রোকারেজ হাউসের সাবেক কর্মকর্তা মাহবুব সারওয়ারকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ওই বছরের ১৭ আগস্ট দ্বিতীয় রায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার নিয়ে কারসাজির দায়ে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল ইসলাম ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক এনায়েত করিমকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।
ট্রাইব্যুনালের তৃতীয় রায়টি ঘোষিত হয় গত বছরের ৩১ আগস্ট। আর সেটি ছিল ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় চিক টেক্সের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায়। চতুর্থ রায়টি ঘোষিত হয় গত বছরের ২৭ অক্টোবর। সেই রায়টি ছিল অবৈধ প্লেসমেন্ট শেয়ার লেনদেনের অভিযোগে নবীউল্লাহ নবী ও সাত্তারুজ্জামান শামিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায়। পঞ্চম রায়টি ঘোষণা করা হয় গত বছরের ৩০ নভেম্বর। ওই রায়টি ছিল সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচার (সাবিনকো) কোম্পানির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায়।
সর্বশেষ গতকাল ঘোষিত রায়ে অভিযুক্ত ব্যক্তিদের যে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে তা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। বিএসইসির আইনজীবী মাসুদ রানা খান প্রথম আলোকে বলেন, এ মামলায় মোট তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। তবে তার মধ্যে দুজন সাক্ষীর সাক্ষ্য আদালত আমলে নিয়েছেন।