শেয়ার কারসাজির দায়ে দুজনকে তিন বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার নিয়ে কারসাজির দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং একটি পত্রিকার সম্পাদককে তিন বছর করে কারাদণ্ড ও ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার বিষয়ক মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল আজ সোমবার সকালে এ রায় ঘোষণা করেছেন।

রায় ঘোষণার সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল ইসলাম ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক এনায়েত করিম আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পরপরই তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, এ দুজন মিলে মিথ্যা তথ্য ছড়িয়ে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটিয়েছেন। ২০০৭ সালে এ কারসাজির ঘটনা ঘটে। কারসাজির পর পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে এ কারসাজির ঘটনাটি উদ্‌ঘাটিত হয়। ওই বছরই আসামিদের বিরুদ্ধে মামলা করে বিএসইসি।

এ নিয়ে বিশেষ ট্রাইব্যুনাল পুঁজিবাজার সংশ্লিষ্ট দুটি মামলার রায় ঘোষণা করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে ব্রোকারেজ হাউসের সাবেক এক কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।