শেয়ার কিনতে ঋণের সীমায় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তারল্য বা অর্থের প্রবাহ কমাতে ঋণ বিতরণের সীমায় আবারও পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ১:১ অনুপাতের বেশি ঋণসুবিধা দিতে পারবে না। অর্থাৎ কোনো গ্রাহকের নিজস্ব মূলধন এক লাখ টাকা থাকলে অতিরিক্ত আরও এক লাখ টাকা ঋণসুবিধা পাবেন তিনি, এর বেশি নয়। রোববার থেকে এ নিয়ম কার্যকর হবে। তবে ইতিমধ্যে যাঁরা আগের নিয়মে ঋণ নিয়েছেন, তাঁদের এখনই তা সমন্বয় করতে হবে না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক বৈঠকে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে তারল্যপ্রবাহ অনেক বেড়েছে। এর প্রভাবে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে, যা সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়াচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকি কমাতেই এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে।ফরহাদ আহমেদ আরও জানান, এটা অপরিবর্তনীয় কোনো সিদ্ধান্ত নয়। বাজারের গতি-প্রকৃতির ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত আবারও পরিবর্তন করা হতে পারে। ফরহাদ আহমেদ বলেন, এসইসি কয়েক দিন ধরে বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করেছে। এ সময় বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো দায়িত্বশীল আচরণ করলে এসইসির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো সেভাবে কাজ করেনি। তা করলে হয়তো এসইসির হস্তক্ষেপের প্রয়োজন পড়ত না। ফরহাদ আহমেদ আরও বলেন, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো ঋণ বিতরণে যথাযথ নিয়ম মেনে চলছে—তা দেখতে এসইসির পরিদর্শন দল ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ ছাড়া লেনদেনে কোথাও কোনো অনিয়ম হচ্ছে কি না, তাও খতিয়ে দেখবে এসব পরিদর্শন দল। উদাহরণ হিসেবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জীবন বিমা কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণও খতিয়ে দেখবে তারা। এসইসির নতুন এ সিদ্ধান্তের আগে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো তাদের গ্রাহকের এক লাখ টাকার বিপরীতে দেড় লাখ টাকা (১:১.৫) পর্যন্ত ঋণ দিতে পারত। গত ১৫ মার্চ থেকে এ সুবিধা বহাল করা হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শুরুতে ঋণসীমা ১:১-এ নামিয়ে আনা হয়েছিল। যোগাযোগ করা হলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর ওয়াই শমসের প্রথম আলোকে জানান, তাঁরাসহ বেশ কয়েকটি বড় মার্চেন্ট ব্যাংক নিজে থেকেই ঋণ বিতরণের সীমা ১:১-এর নিচে নামিয়ে এনেছে। তার পরও বাজারে তারল্যপ্রবাহে তেমন কোনো প্রভাব পড়েনি। তাই নতুন সিদ্ধান্ত কতটুকু কার্যকর হবে, তা নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়।