শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা পরিপালনে ন্যূনতম শেয়ার কেনার সময় বাড়াতে উচ্চ আদালতে আরেকটি রিট করেছেন এনসিসি ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম।আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ফরিদ আহাম্মদের বেঞ্চে এ রিট দায়ের করা হয়। আদালত রিটটি আমলে নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে বিষয়টি কেন নিষ্পত্তি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একই সঙ্গে আগামী ৩০ জুনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।মোতাহার হোসেন বলেন, গত ২২ নভেম্বর এসইসির জারি করা প্রজ্ঞাপণের পরিপ্রেক্ষিতে এনসিসি ব্যাংকের ওই পরিচালক গত ১৪ এপ্রিল পরিচালকদের শেয়ার কেনার সময় ছয় বছর বাড়ানোর জন্য এসইসিতে একটি চিঠি ইস্যু করেন। কিন্তু এসইসি এর কোনো উত্তর না দেওয়ায় আজ এই রিট দায়ের করা হয়। বাদী পক্ষের আইনজীবী ছিলেন সৈয়দা আফসারা জাহান। এর আগে গতকাল এ-সংক্রান্ত তিনটি রিট নিষ্পত্তি হয়।পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে গত বছরের ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী উদ্যোক্তা-পরিচালকদের ব্যক্তিগতভাবে নিজ কোম্পানির কমপক্ষে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। তবে স্বাধীন পরিচালকেরা এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন। নির্দেশনাটি পরিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়। ওই নির্দেশনা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে তিনটি কোম্পানির বেশ কয়েকজন পরিচালক পৃথক তিনটি রিট দায়ের করেন।