শেয়ার কেনার সিদ্ধান্ত পত্রিকায় দেওয়া যাবে না
পুঁজিবাজারে বিদ্যমান শেয়ার কেনা বা বিনিয়োগসংক্রান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানির এ ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশের বিধান না থাকায় এসইসি এই নির্দেশ দিয়েছে। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানীং পুঁজিবাজারে তালিকাভুক্ত কিছু ব্যাংকিং কোম্পানি পত্রিকার মাধ্যমে পুঁজিবাজারে বিদ্যমান শেয়ার ক্রয় বা বিনিয়োগ-সংক্রান্ত ঘোষণা বা বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করছে। বিষয়টি পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।’এতে বলা হয়, পুঁজিবাজারে কোম্পানিগুলোর বিনিয়োগে (ক্রয় বা বিক্রয়) কোনো বিধিনিষেধ নেই। তবে বিদ্যমান সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানির এ ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশের কোনো বিধান নেই। এ জন্য ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সম্প্রতি চারটি ব্যাংক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের কথা জানায়। এর মধ্যে এনসিসি ও স্ট্যান্ডার্ড ব্যাংক ১০০ কোটি করে মোট ২০০ কোটি টাকা, এক্সিম ব্যাংক ২০০ কোটি ও পূবালী ব্যাংক ৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্তের কথা জানায়।