শেয়ার কেনার সুযোগ পেল ৪ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়িয়ে শেয়ারবাজারের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের অনুমতি পেয়েছে বেসরকারি চার বাণিজ্যিক ব্যাংক। সেগুলো হলো পূবালী, এবি, মার্কেন্টাইল ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এর ফলে ব্যাংক চারটিকে শেয়ারবাজারের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে আর শেয়ার বিক্রি করতে হবে না। বরং এমনভাবে মূলধন বাড়ানো হয়েছে, তাতে চার ব্যাংকেরই শেয়ারবাজারে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বাড়তি বিনিয়োগের এ সুযোগ কাজে লাগিয়ে ব্যাংকগুলো আদৌ শেয়ারবাজারে বিনিয়োগ করবে কি না, তা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। এ ক্ষেত্রে আইনি কোনো বাধ্যবাধকতা নেই।
শেয়ারবাজারের সঙ্গে যুক্ত একাধিক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগের হিসাব করার ক্ষেত্রে শেয়ারের বাজারমূল্যকে বিবেচনায় ধরা হয়। বাজারে এখন শেয়ারের দাম কম থাকায় অনেক ব্যাংকের নতুন করে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তবে শেয়ারের দাম বাড়তে থাকলে তাতে ব্যাংকের বিনিয়োগসীমাও বেড়ে যাবে।
সম্প্রতি শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে বাংলাদেশ ব্যাংক নীতি সহায়তার ঘোষণা দেয়। তাতে বলা হয়, শেয়ার বিক্রি না করেই মূলধন বাড়িয়ে ব্যাংকগুলোর বিনিয়োগ সমন্বয়ের সুযোগ সৃষ্টি করা হবে। তার ভিত্তিতে উল্লিখিত চার ব্যাংক সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়িয়ে বিনিয়োগ সমন্বয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার পর্যন্ত বেসরকারি চার ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর অনুমোদন দিয়েছে। আরও কয়েকটি ব্যাংকের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

.
.

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, শেয়ারবাজারের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ সুযোগ দিচ্ছে। যারা আবেদন করেছে, তাদের মধ্য থেকে কয়েকটিকে মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
২০১৩ সালের সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের ২৬ক ধারার আওতায় শেয়ারবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে তিন বছর সময় বেঁধে দেওয়া হয়। আগামী ২১ জুলাই সেই সময় শেষ হওয়ার কথা। এতে করে অতিরিক্ত এ বিনিয়োগ সমন্বয় করতে গেলে শেয়ার বিক্রির প্রয়োজনীয়তা দেখা দেয়। তাতে শেয়ারবাজারের দিক থেকে সময় বাড়ানোর দাবি ওঠে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সময় না বাড়িয়ে বিকল্প পদ্ধতিতে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ তৈরি করে ব্যাংকগুলোর জন্য। গত ২৭ এপ্রিল গভর্নর ফজলে কবির এ নীতি সহায়তার অনুমোদন দেন।
সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, শেয়ারবাজারে কোনো ব্যাংকের বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংসের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে একক ও সামগ্রিক ভিত্তিতে ৯ ব্যাংকের বিনিয়োগ রয়েছে ৫০ শতাংশের বেশি। এর মধ্যে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক তাদের সহযোগী প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজকে ৪৭২ কোটি টাকা ঋণ দিয়েছে। এ ছাড়া মূলধন জোগান দেওয়া হয় ৬৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির শেয়ারবাজারে বিনিয়োগ দাঁড়ায় ৪৬ শতাংশে, যা নির্ধারিত সীমার চেয়ে ২১ শতাংশ বেশি। এখন এসে ব্যাংকটি তার সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণের ২৯৫ কোটি টাকা ওই প্রতিষ্ঠানের মূলধনে রূপান্তরের অনুমোদন পেয়েছে। তাতে করে ব্যাংকটির শেয়ারবাজারের বিনিয়োগ সীমা নেমে আসছে ২৩ শতাংশে।
একইভাবে পূবালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক সিকিউরিটিজের মূলধন ১৬০ কোটি টাকা। আবার ব্যাংকটির শেয়ারবাজারে নিজস্ব বিনিয়োগ রয়েছে ৩০০ কোটি টাকার। এর বাইরে সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ জোগান দেওয়া হয় আরও ২০০ কোটি টাকা। ফলে শেয়ারবাজারে ব্যাংকটির বিনিয়োগ দাঁড়ায় ৪২ শতাংশে। এখন ব্যাংকটি নিজস্ব বিনিয়োগ ও সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণসহ মোট ৫০০ কোটি টাকা মূলধনে রূপান্তরের অনুমতি পেয়েছে। ফলে পূবালী ব্যাংক সিকিউরিটিজের মূলধন বেড়ে দাঁড়াচ্ছে ৬৬০ কোটি। এতে পূবালী ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ সীমা নেমে আসছে ২০ শতাংশে। এখন ব্যাংকটি চাইলে নির্ধারিত ২৫ শতাংশ পর্যন্ত, অর্থাৎ আরও ৫ শতাংশ পর্যন্ত নতুন করে বিনিয়োগ করতে পারবে।
জানতে চাইলে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী প্রথম আলোকে বলেন, সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর অনুমোদন পাওয়ায় এখন আমাদের কোনো শেয়ার বিক্রি করতে হবে না। উল্টো শেয়ার কেনার সুযোগ রয়েছে।
এদিকে বেসরকারি এবি ব্যাংক তাদের সহযোগী প্রতিষ্ঠান এবি ইনভেস্টমেন্ট লিমিটেডকে মূলধন হিসেবে ২৮০ কোটি টাকা দিয়েছে। এর বাইরে প্রতিষ্ঠানটিকে সরাসরি ঋণ দেওয়া হয় ১০০ কোটি টাকা। এ ছাড়া শেয়ার মানি ডিপোজিট হিসেবে আরও ২২০ কোটি টাকা জোগান দেওয়া হয় এবি ইনভেস্টমেন্টকে। ফলে শেয়ারবাজারে এবি ব্যাংকের বিনিয়োগ দাঁড়ায় ৩৮ শতাংশে। নির্ধারিত সীমার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে এখন ব্যাংকটি ঋণ ও শেয়ার মানি ডিপোজিটের ৩২০ কোটি টাকা সহযোগী প্রতিষ্ঠানের মূলধনে রূপান্তরের অনুমতি পেয়েছে। ফলে শেয়ারবাজারে ব্যাংকটির বিনিয়োগ সীমা নেমে এসেছে ২২ শতাংশে।
জানা গেছে, ২০১০ সালে সহযোগী প্রতিষ্ঠান আলাদা করার সময় এবি ব্যাংক মূলধনের বাইরে আরও ২২০ কোটি টাকা সরবরাহ করেছিল, যা এত দিন শেয়ার মানি ডিপোজিট হিসেবে ছিল। এখন এসে সেই ডিপোজিটকে মূলধনে রূপান্তর করা হচ্ছে।
মূলধন বাড়ানোর অনুমোদন পাওয়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এমটিবি সিকিউ-রিটিজের মূলধন ১২৭ কোটি টাকা। এর বাইরে ব্যাংক ওই প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছে আরও ১৯৮ কোটি টাকা। ফলে শেয়ারবাজারে ব্যাংকটির বিনিয়োগ দাঁড়ায় ৪৯ শতাংশে। এখন ব্যাংকটি সহযোগী প্রতিষ্ঠানকে দেওয়া ঋণকে ওই প্রতিষ্ঠানের মূলধনে হিসেবে রূপান্তরের অনুমোদন পেয়েছে। ফলে শেয়ারবাজারে ব্যাংকটির বিনিয়োগ নেমে এসেছে ২২ শতাংশে।
জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান প্রথম আলোকে বলেন, ‘মূলধন বাড়ানোর অনুমোদনের ফলে আমরা সবদিক দিয়েই আইন পরিপালনে সক্ষম হয়েছি। এ ধরনের নীতি সহায়তা আমাদের ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের জন্যও ভালো হয়েছে।