জামিন পেলেন র‍্যাংগস গ্রুপের রউফ চৌধুরীসহ তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির মামলায় আজ মঙ্গলবার বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন পেয়েছেন তৎ​কালীন প্রিমিয়াম সিকিউরিটিজের পরিচালনা পর্ষদের তিন সদস্য।

তাঁরা হলেন কোম্পানির তৎ​কালীন চেয়ারম্যান এবং বর্তমানে র‍্যাংগস গ্রুপ ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী, তৎ​কালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমান, তৎকালীন পরিচালক ও বর্তমানে রাসায়নিক দ্রব্য ব্যবসায়ী অনু জায়গিরদার।

এই মামলায় চারজন অভিযুক্তের মধ্যে তৎ​কালীন প্রিমিয়াম সিকিউরিটিজের পরিচালক এবং দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আজ আদালতে হাজির হননি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই চারজন পরিচালক ছাড়াও প্রিমিয়াম সিকিউরিটিজও এ মামলার আসামি। বর্তমানে প্রতিষ্ঠানটির মালিকানা হাতবদল হয়ে অন্য নামে ঢাকা স্টক এক্সচেঞ্জে কার্যক্রম চালাচ্ছে।

আগামী ১৩ সেপ্টেম্বর এই মামলার রায়ের দিন ধার্য ছিল।

আদালত সূত্র জানায়, আসামিরা সবাই এত দিন পলাতক ছিলেন। এর মধ্যে তিনজন আজ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবিরের আদালতে হাজির হয়ে জামিনের ও মামলাটি পুনরায় শুরু করার আবেদন করেন। আদালত আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করেন। তবে এ মামলাটির পুনরায় শুনানি শুরু হবে কি না, আদালত সেই সিদ্ধান্ত দেবেন ১৩ সেপ্টেম্বর।

অভিযুক্তদের পক্ষের আইনজীবী ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও মহসীন রশিদ।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রিমিয়াম সিকিউরিটিজের নামে ১৯৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন।