শেয়ার ছাড়তে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার এখনো বাজারে না আসায় আবারও হতাশা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।পাশাপাশি এসব প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে অর্থমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে।’গতকাল রোববার সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন। সংগঠনের সভাপতি আসিফ ইব্রাহীম এতে নেতৃত্ব দেন।অর্থমন্ত্রী বলেন, ‘২৬টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসার বিষয়টি আমার কোনো ব্যক্তিগত বিষয় নয়। খোদ প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এ ব্যাপারে। কিন্তু তিন বছরেও প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারে আনতে পারেনি। শিগগিরই তাদের সঙ্গে আরেকটি সভা করে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। এ দফায় বাজারে আসতে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে প্রতিষ্ঠান-প্রধানদের।’ উল্লেখ্য, বারবার সময়সীমা বেঁধে দেওয়ার পর সর্বশেষ গত ৩১ অক্টোবর ২৬টি সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার ছাড়ার জন্য গত ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়সীমা অনুসরণ করতেও ব্যর্থ হয় প্রতিষ্ঠানগুলো।এমনকি বর্তমানে বাজারে তালিকাভুক্ত রয়েছে এমন সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার ক্ষেত্রেও কোনো অগ্রগতি হয়নি। গত বছর একবার ১৫ দিনের সময় দিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েলের ১৭ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ১৭ শতাংশ, তিতাস গ্যাসের ১৫ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৭ দশমিক ৩০ শতাংশ, ন্যাশনাল টিউবসের এক দশমিক ৯৪ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৭ দশমিক ৫০ শতাংশ এবং রূপালী ব্যাংকের ২৪ দশমিক ৫৫ শতাংশ, পাওয়ার গ্রিডের ১৬ দশমিক ২৫ এবং ডেসকোর ১৫ শতাংশ শেয়ার ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এক রূপালী ব্যাংক ছাড়া কেউই শেয়ার ছাড়তে পারেনি। বৈঠকে ডিসিসিআইয়ের প্রতিনিধিদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে অনেক বিনিয়োগকারীই শেয়ারবাজারকে জুয়া খেলার জায়গা মনে করে। এটা খুবই বিপদের কথা। আজও শুনেছি, শেয়ারবাজারে মারামারি হচ্ছে।’ দুর্বল মৌলভিত্তির ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বছরের পর বছর এরা লভ্যাংশ দেয় না। অথচ নামসর্বস্ব এসব কোম্পানির শেয়ারের দামও হু হু করে বাড়ছে।’ এসব শেয়ার বাজার থেকে বাদ যাওয়া উচিত বলেও মনে করেন তিনি।অর্থমন্ত্রী বলেন, ‘বাজার স্বাভাবিক করতে আমরা কাজ করছি। এর মধ্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারাও কাজ করছে। এই কমিটি যে সুপারিশ দেবে, তা বিবেচনায় এনে পদক্ষেপ নেবে সরকার।’ অর্থমন্ত্রী আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন করের (ভ্যাট) নতুন আইন প্রণয়ন করেছে। এটা আগামী বাজেটে কার্যকর করার চিন্তা রয়েছে। সে জন্য জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে আইনটি সংসদে উপস্থাপন করা হবে। কর অবকাশ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কর অবকাশের পক্ষে নই। কিছু না কিছু কর দিতেই হবে। আগেও অনেকে কর অবকাশ চেয়েছে; তাদেরও এ কথাই বলেছি। তারা দ্বিমত করেনি।’ডিসিসিআইয়ের অনুদানের টাকা করমুক্ত রাখার দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক খাতে সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) চালু রয়েছে। এ বিষয়টি অন্যান্য ক্ষেত্রে চালু করার বিষয়ে আমরা কাজ করছি।’ বৈঠকে ডিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুর‌্যা ও গ্যাসসংযোগ না দেওয়ায় হাজার হাজার ফ্ল্যাট খালি পড়ে রয়েছে। এসব ফ্ল্যাটে কোটি কোটি টাকা বিনিয়োগ আটকে থাকার কথাও জানায় ডিসিসিআই। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তবে বিদ্যুর‌্যা নিয়ে ২০১১ সাল নাগাদ সরকারের যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব বলে তিনি মনে করেন।’এদিকে শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনাবলি তদন্ত করতে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে সচিবালয়ে গতকাল দুপুরে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় অর্থমন্ত্রীর। এ সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদ সাংবাদিকদের জানান, ‘আমরা স্বাধীনভাবে কাজ করছি। অর্থমন্ত্রীও সেভাবেই কাজ করতে বলেছেন। কোনো ধরনের হস্তক্ষেপ এলে অর্থমন্ত্রী তাঁকে জানাতে বলেছেন।’ তদন্ত শেষ করতে দুই মাস সময় খুব বেশি নয়—এ কথা উল্লেখ করে ইব্রাহীম খালেদ বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, “কাজ করতে থাক। বাড়াতে হলে পরে দেখা যাবে”।’