শেয়ার ছাড়বে রতনপুর স্টিল, সিটিব্যাংক বন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি নতুন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে পঁুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের ৫১৬তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, গতকালের সভায় রতনপুর স্টিল রি-রোলিং মিলসের (আরএসআরএম) আইপিওর অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি আড়াই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ৩০ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। বাজার থেকে সংগৃহীত টাকায় আইপিও খরচ নির্বাহের পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ ও চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে কোম্পানিটি।
এ ছাড়া সিটি ব্যাংকের ছয়
বছর মেয়ািদ ৩০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে বিএসইসি। সিটি ব্যাংকের বর্তমান শেয়ারধারীদের বাইরে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে ১০ লাখ টাকা। সিটি ব্যাংকের নিজস্ব বা বাণিজ্যিক অন্যান্য ব্যাংকের মধ্যে যেটির আমানতের সুদের হার বেশি সেটির সঙ্গে আড়াই শতাংশ যোগ করে বন্ডটির বার্ষিক কুপন হার নির্ধারণ করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, বন্ডের মাধ্যমে সংগৃহীত টাকায় সিটি ব্যাংক তাদের মূলধন ঘাটতি পূরণ করবে। আইডিএলসি ফিন্যান্স ও ট্রাস্ট ব্যাংক যৌথভাবে বন্ডটির আয়োজক ও ট্রাস্টি হিসেবে কাজ করছে।
এর বাইরে ২০১০ সালে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য আইপিওতে বিশেষ কোটা সংরক্ষণের মেয়াদ আরও এক বছর (জুন, ২০১৫) বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বর্তমানে আইপিওতে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষিত রয়েছে।