শেয়ার ছাড়ার অনুমতি পেল ইউনিক হোটেল
বেসরকারি খাতের ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।গত মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। ইউনিক হোটেল বর্তমানে ওয়েস্টিন হোটেল নামেই পরিচিত।এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে ইউনিক হোটেল কর্তৃপক্ষ ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) দুই কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা আরও তিনটি নতুন হোটেল গড়ে তোলার পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ ও অন্যান্য কাজে ব্যয় করা হবে। অভিহিত মূল্যের সঙ্গে ৬৫ টাকা প্রিমিয়াম যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। কোম্পানিটির ২০১১ সালের নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক হিসাব অনুযায়ী, শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে চার টাকা ৩০ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে কোম্পানিটি মূলধন বাড়াতে উচ্চমূল্যে প্লেসমেন্ট মোট ৩ কোটি শেয়ার বিক্রি করে। এ সময় শেয়ার প্রতি বিভিন্ন দাম নেওয়া হয়। দীর্ঘদিন ধরে কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগকারীদের অনেক টাকা আটকে আছে। এই অবস্থায় কোম্পানিটি ৭৫ টাকা দরে বাজারে তালিকাভুক্ত হতে চলেছে। এর ফলে যাঁরা উচ্চমূল্যে কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ার কিনেছিলেন, তাঁদের বড় ধরনের লোকসানে পড়তে হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। এ ক্ষতি পোষাতে তাই সংশ্লিষ্ট ব্যক্তিরা কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যেহেতু প্লেসমেন্টের শেয়ারের বিষয়ে এসইসির সুনির্দিষ্ট কোনো নীতিমালা এত দিন ছিল না, তাই বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টিও নিয়ন্ত্রক সংস্থার পক্ষে সুরাহা করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।উল্লেখ্য, ইউনিক হোটেলের মোট ২৬ কোটি শেয়ার রয়েছে। এসইসির সভায় লংকাবাংলা সিকিউরিটিজের আইপিও আবেদন নাকচ করে দেওয়া হয়। এর কারণ হিসেবে কমিশন বলেছে, প্রতিষ্ঠানটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য। এ ছাড়া আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে সংগৃহীত অর্থ কোম্পানিগুলো এখন থেকে কোন কোন খাতে ব্যবহার করতে পারবে, তার একটি নীতিমালা তৈরি করতে দুই সদস্যের কমিটি করেছে এসইসি। সংস্থাটির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ ও এ টি এম তারিকুজ্জামানের সমন্বয়ে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বর্তমানে শেয়ারবাজারে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই।একই সভায় সংশোধিত করপোরেট গভর্নেন্স গাইডলাইন নীতিগত অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি কোনো কোম্পানি বিদেশি উৎস থেকে মূলধন সংগ্রহ করতে চাইলে সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অনাপত্তিপত্র বা সম্মতিপত্র সংগ্রহের বিধান বাধ্যতামূলক করা হয়েছে।