শেয়ার ধারণ-সংক্রান্ত এসইসির নির্দেশনা বৈধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনাকে বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়। একই সঙ্গে হাইকোর্টে করা এ-সংক্রান্ত তিনটি রিটই খারিজ করে দিয়েছেন আদালত।পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত এসইসির নির্দেশনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স ও এনসিসি ব্যাংকের কয়েকজন পরিচালক। বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চে এই রিটের শুনানি গত বুধবার ও গতকাল রোববার অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের শুনানি শেষে আজ এই রায় দেন।প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ-সংক্রান্ত বিষয়ে গত বছরের ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনা অনুযায়ী উদ্যোক্তা-পরিচালকদের ব্যক্তিগতভাবে নিজ কোম্পানির কমপক্ষে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। তবে স্বাধীন পরিচালকেরা এই নির্দেশনার আওতার বাইরে থাকবেন। নির্দেশনাটি পরিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়। ওই নির্দেশনা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে তিনটি কোম্পানির বেশ কয়েকজন পরিচালক পৃথক তিনটি রিট দায়ের করেন।