শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বাদ দেওয়ার নির্দেশ এসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে এসইসি। একই সঙ্গে পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে এর তালিকা এসইসিতে জমা দিতে বলা হয়েছে। আজ বুধবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মে পর্যন্ত যেসব পরিচালক নিজ কোম্পানির দুই শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন, তাঁদের বাদ দিয়ে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে এসইসিতে জমা দিতে হবে। একই সঙ্গে রেজিস্ট্রার অব জয়েন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) কর্তৃক সত্যায়িত পার্টিকুলারস অব ডিরেক্টরসের (ফরম-১২) অনুলিপি এসইসিতে জমা দিতে বলা হয়েছে।এর আগে গত ২৮ জুন এক নির্দেশনার মাধ্যমে তালিকাভুক্ত সব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পরিচালকদের শূন্য পদের তালিকা চাওয়া হয়েছিল। তবে এসইসির পক্ষ থেকে শূন্য পদের কোনো তালিকা প্রকাশ করা হয়নি আজ। গত বছরের ২২ নভেম্বর তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণসংক্রান্ত একটি নির্দেশনা জারি করে এসইসি। ওই নির্দেশনার মাধ্যমে প্রত্যেক পরিচালককে এককভাবে নিজ কোম্পানির কমপক্ষে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে বাধ্যবাধকতা আরোপ করা হয়। এ ক্ষেত্রে ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ে নির্দিষ্ট পরিমাণ শেয়ার ধারণে ব্যর্থ হলে ওই পদ শূন্য ঘোষণার কথা বলা হয় এসইসির নির্দেশনায়।