শেয়ার ধারণের হালনাগাদ তথ্য চেয়ে ডিএসইর চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণসংক্রান্ত তথ্য চেয়ে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল বুধবার ডিএসইর পক্ষ থেকে সব কোম্পানির সচিব বরাবরে এই চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে ২১ মে পর্যন্ত কোম্পানির শেয়ার ধারণসংক্রান্ত হালনাগাদ তথ্য চেয়েছে ডিএসই। এ জন্য নির্ধারিত একটি ছকও করে দেওয়া হয়েছে। ৩১ মের মধ্যে তালিকাভুক্ত সব কোম্পানিকে তথ্যগুলো ই-মেইল ও চিঠির মাধ্যমে ডিএসইতে জমা দিতে বলা হয়েছে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গত বছরের ২২ নভেম্বর একটি নির্দেশনা জারি করে। যাতে বলা হয়, এখন থেকে তালিকাভুক্ত সব কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশ এবং এককভাবে প্রত্যেক পরিচালককে দুই শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এই শর্ত পরিপালনের জন্য ছয় মাস সময় বেঁধে দেওয়া হয়, যা ২২ মে শেষ হয়ে গেছে।এসইসির এমন নির্দেশনার বিরুদ্ধে বেশ কয়েকটি কোম্পানির পরিচালকেরা আদালতে রিট আবেদন দাখিল করেন। এসব রিটের শুনানি শেষে আদালত এসইসির নির্দেশনাকে বৈধ বলে রায় দেন। ফলে অনেক কোম্পানির পরিচালক পদে থাকার যোগ্যতা হারান। এককভাবে দুই শতাংশের কম শেয়ার ধারণের জন্য কতজন পরিচালকের পদ শূন্য হয়েছে, তার তালিকা চূড়ান্ত করতে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিগুলোর কাছে শেয়ার ধারণসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।এর আগে এসইসির নির্দেশনা জারির পরপরই ডিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলোর কাছ থেকে শেয়ার ধারণসংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তাতে দেখা যায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় দেড় হাজার পরিচালকের কাছে দুই শতাংশের কম শেয়ার রয়েছে। এরপর অনেক পরিচালক অবশ্য পদ টিকিয়ে রাখতে বাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দেন। তবে কতজন পরিচালকের হাতে দুই শতাংশের কম শেয়ার রয়েছে, তার চূড়ান্ত কোনো তালিকা এখনো এসইসি, ডিএসই বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—কারও হাতেই নেই।বাজার-পরিস্থিতি: শেয়ার ধারণসংক্রান্ত এসইসির নির্দেশনাকে বৈধ ঘোষণা করে ২১ মে আদালত রায় দিয়েছেন। এর পরও বাজারে দরপতন ঘটে চলেছে। গত দুই দিনে প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯৪ পয়েন্ট কমে নেমে এসেছে চার হাজার ৮২৯ পয়েন্টে। এর মধ্যে গতকাল এক দিনেই সাধারণ সূচক প্রায় ৭৭ পয়েন্ট কমেছে। যদিও লেনদেনের প্রথম তিন ঘণ্টায় সাধারণ সূচকের বড় ধরনের পতন ঘটেছিল। শেষ ঘণ্টায় তা অনেকটা পুনরুদ্ধার হয়।দরপতনের প্রতিবাদে গতকাল দুপুরের পর কিছু বিনিয়োগকারীরা রাজধানীর মতিঝিলের ডিএসইর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের পদত্যাগ দাবি করেন। বিকেলে কয়েকজনের একটি প্রতিনিধিদল এসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বেশ কয়েক দফা দাবি জানায়। ডিএসইতে গতকাল ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৭টিরই দাম কমেছে, বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম। দিন শেষে গতকাল ডিএসইতে প্রায় ২৭৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা বেশি।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বুধবার প্রায় ২৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৩৬৭ পয়েন্টে। সিএসইতে দিন শেষে ৩৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি।