শেয়ার পুনঃক্রয় পদ্ধতির (বাইব্যাক) খসড়া তৈরি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ জুলাইয়ের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা থাকবেন বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ (আইসিএমএবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি। সচিবালয়ে গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র জানায়, বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি হলো বাইব্যাকের খসড়া প্রণয়ন, অপরটি হলো এই পদ্ধতি কোম্পানি আইনের অন্য কোনো ধারার সঙ্গে সাংঘর্ষিক কি না তা খতিয়ে দেখা। দেশের শেয়ারবাজারে বড় ধরনের ধস শুরু হলে ২৩ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাজারসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে দিনভর বৈঠক করেন অর্থমন্ত্রী। ওই দিনই বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী শেয়ার পুনঃক্রয় পদ্ধতি চালুর কথা প্রথম জানান। অনেক দেশে কোম্পানি আইনে শেয়ার পুনঃক্রয় পদ্ধতি চালু থাকলেও বাংলাদেশের আইনে এখনো তা অনুপস্থিত। প্রায় শত বছর আগে, ১৯১৩ সালের কোম্পানি আইন যখন ১৯৯২ সালে সংশোধিত হয়, তখনো বিষয়টি কোম্পানি আইনের বাইরেই থেকে যায়। অবশ্য ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির পর শেয়ার পুনঃক্রয়ের বিষয়টি আলোচনায় এলেও তা স্থায়ী হয়নি।জানা গেছে, এর আগে শেয়ার পুনঃক্রয় নিয়ে একটি খসড়া প্রস্তুত করে এসইসি বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। তবে খসড়াটি প্রস্তুত করা হয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) ১৯৯৯ সালের বাইব্যাক রেগুলেশনসের আদলে। বাণিজ্য মন্ত্রণালয় কয়েক মাস ধরেই এর ওপর কাজ করছে। এসইসির প্রস্তুত করা খসড়ায় বলা হয়েছে, কোনো কোম্পানি শেয়ার পুনঃক্রয় করার পরবর্তী দুই বছরের মধ্যে তার মূলধন বাড়াতে পারবে না। দুই বছরের মধ্যে বোনাস শেয়ার ছাড়া অন্য কোনো ধরনের লভ্যাংশও দেওয়া যাবে না। অতিরিক্ত মূলধন অথবা সিকিউরিটিজ প্রিমিয়াম হিসেবে ব্যবহার করে শেয়ার পুনঃক্রয় করা যাবে। কোম্পানির পর্ষদে পাস হওয়ার এক বছরের মধ্যে পুনঃক্রয় সম্পন্ন করতে হবে। খসড়ায় আরও বলা হয়েছে, পুনঃক্রয় আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আর্থিক দণ্ড গুনতে হবে। কোম্পানিকে জরিমানা দিতে হবে সর্বনিম্ন এক লাখ টাকা, কিন্তু সর্বোচ্চের কোনো সীমা নেই। খসড়ায় বুকবিল্ডিং পদ্ধতি ও দরপত্র আহ্বান দুইভাবে শেয়ার পুনঃক্রয়ের কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, কোম্পানির পরিশোধিত মূলধনের ২৫ শতাংশের বেশি শেয়ার পুনঃক্রয় করা যাবে না। পুনঃক্রয়ের আগে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) ও এসইসি থেকে আর্থিক সংগতির সত্যায়ন নিতে হবে। তবে শেয়ার পুনঃক্রয়ের কারণ ও সময়সীমা স্পষ্টভাবে আগেই জানাতে হবে আরজেএসসি ও এসইসিকে। সাধারণত, তারল্য ব্যবহারের সুযোগ না থাকা, কোম্পানির অবলুপ্তি, বিশেষ পরিস্থিতিতে শেয়ারের মূল্য বাড়ানো, কর কম দেওয়া ইত্যাদি কারণে শেয়ার পুনঃক্রয় করা হয়। কোম্পানি যদি দেখে যে অতিরিক্ত তারল্য বিনিয়োগের কোনো প্রকল্প নেই, তখন ওই কোম্পানির কর্তৃপক্ষ বাজার থেকে নিজেদের শেয়ার কিনে নেয়। কোম্পানি যদি মনে করে, বাজারে তার শেয়ার অবমূল্যায়িত, তখনো শেয়ার পুনঃক্রয়ের উদ্যোগ নেওয়া হয়। ২০০০ সালে ভারতের বাজাজ অটো লিমিটেড বাজারে তারল্য ব্যবহারের সুযোগ না থাকায় বিপুল পরিমাণ শেয়ার কিনে নিয়েছিল। সম্প্রতি ভারতীয় রিলায়েন্স কোম্পানিও এভাবে শেয়ার কিনে নেয়। নগদ লভ্যাংশের ওপর কর বেশি দিতে হলেও অনেক কোম্পানি বিনিয়োগকারীদের মুনাফা পাইয়ে দিতে পুনঃক্রয়ের পথ বেছে নেয়। যারা কোম্পানি অবলুপ্তির জন্য আদালতের নির্দেশ এড়াতে চায় তারাও বেছে নেয় শেয়ার পুনঃক্রয়ের পথ। এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘পুনঃক্রয়ের বিধান থাকতে পারে। যতটুকু জেনেছি, ভারতীয় শেয়ার পুনঃক্রয়ব্যবস্থার আদলে আমাদেরটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি ঠিক নয়। ভারতের বাজার অনেক পরিপক্ব। কোম্পানির সংখ্যা, কোম্পানির সুশাসন, মার্চেন্ট ব্যাংকগুলোর আচরণ ইত্যাদির সঙ্গে আমাদের বাজার মিলবে না।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘কৃত্রিমভাবে শেয়ারের দাম কমিয়ে কেউ যাতে পুনঃক্রয়ের সুযোগ নিতে না পারে, তার প্রতিরোধব্যবস্থা থাকতে হবে।’ তিনি বলেন, আইনে শেয়ার পুনঃক্রয়ব্যবস্থা থাকা দরকার। কিন্তু সরকারকে আগে এ ব্যবস্থা চালুর উদ্দেশ্যটা পরিষ্কার করতে হবে।